'কায়সারের ইশারায় বাবাসহ সাতজনকে হত্যা করা হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মো. নওশাদ আলী (৫৪)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে কায়সারের ইশারায় পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ সাতজনকে গুলি করে হত্যা করে লাশ খোয়াই নদীতে ভাসিয়ে দেয়।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নওশাদ আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

জবানবন্দিতে নওশাদ আলী বলেন, তাঁদের বাড়ি হবিগঞ্জের দক্ষিণ ল্যাঞ্জাপাড়ায়। তিনি শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে দারোয়ানের চাকরি করেন। একাত্তরে  তাঁর বাবা শহীদ মাজত আলীও এখানে এই পদে ছিলেন। ওই সময় তাঁর বাবা গুদামের ভেতরে থাকতেন। ওই সময় তিনি ও তাঁর বড় ভাই মোস্তফা আলী (রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী) বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। একাত্তরের কোনো এক দুপুরে ভাইয়ের সঙ্গে বাবাকে খাবার দিতে এসে দেখেন অনেক লোকজন গুদাম থেকে মাল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর একটি জিপ গাড়ি এসে সেখানে থামে। তিন-চারজন লোক জিপ থেকে নেমে গুদামের চারপাশ ভালো করে দেখে নেন। ওই লোকগুলো চলে যাওয়ার কিছুক্ষণ পর পাকিস্তানি সেনাসদস্যসহ অনেক লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে খাদ্য গুদামের দিকে আসেন।

রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, পরে তাঁর ভাই তাঁকে জানান, জিপ গাড়িতে আসা তিন-চারজনের মধ্যে একজন ছিলেন কায়সার।

জবানবন্দিতে নওশাদ বলেন, ওই ঘটনার কিছুদিন পর তাঁর বড় ভাইয়ের সঙ্গে তিনি আবার খাদ্য গুদামে যান। সেখানে গিয়ে দেখেন, পাকিস্তানি সেনারা তাঁর বাবাসহ অন্যদের গুদাম থেকে বের করে একটি ভবনে নিয়ে আটকে রাখে। পরে তাঁরা জানেন, এটি স্থানীয় ডাকবাংলো।

সেদিন জোহরের নামাজের কিছুক্ষণ পর দেখেন, তাঁর বাবাসহ সাতজনকে হাঁটিয়ে খোয়াই নদীর পাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তিনি এবং তাঁর ভাই তাদের অনুসরণ করতে করতে নদীর পাড়ে একটি আখখেতে গিয়ে লুকিয়ে ঘটনা দেখতে থাকেন। তাঁরা তখন দেখেন, তাঁদের বাবাসহ সাতজনকে নদীর পাড়ে দাঁড় করানো হয়। এ সময় কায়সার ইশারা করার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনারা সাতজনকে গুলি করে হত্যা করে লাশ খোয়াই নদীতে ভাসিয়ে দেয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ পর্যায়ে সাক্ষী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা আজ পর্যন্ত বাবার লাশ পাইনি।’

জবানবন্দির শেষ পর্যায়ে নওশাদ ট্রাইব্যুনালে হাজির থাকা কায়সারকে শনাক্ত করেন। পরে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। পরে ১১ মে পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়।