'কায়সারের নেতৃত্বে গঠিত হয় কায়সার বাহিনী'
সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মোহাম্মদ আলী। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কায়সারের নেতৃত্বে ‘কায়সার বাহিনী’ গঠিত হয়েছিল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোহাম্মদ আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে মোহাম্মদ আলী (৬৪) বলেন, তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তানগরে। তাঁর বাবা মোস্তফা আলী মুক্তিযুদ্ধকালে হবিগঞ্জ ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদের’ আহ্বায়ক ছিলেন। একাত্তরের এপ্রিলের শেষের দিকে জানতে পারেন, নোয়াপাড়ার সৈয়দ সয়দুদ্দিনের (কায়সারের বাবা) বাড়িতে হবিগঞ্জ মহকুমা শান্তি কমিটি গঠিত হয়েছে। কায়সার ওই কমিটির সদস্য ছিলেন। পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ায় ঘাঁটি গেড়েছে এবং কায়সারের নেতৃত্বে তাঁর নামে একটি বাহিনী গঠিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২৭ এপ্রিল কায়সারের নেতৃত্বে কায়সার বাহিনী ও পাকিস্তানি সেনারা মাধবপুর বাজারের পশ্চিমে ও কাটিয়ারা গ্রামে আগুন দিয়ে ১৫০টি বাড়ি জ্বালিয়ে দেয় ও লুণ্ঠন চালায়। ২৮ এপ্রিল রাতে শোনেন, ওই দিন সকালে মাধবপুর বাজারের ১৫০-২০০ ঘরবাড়ি-দোকানপাটে আগুন দেওয়া হয়েছে ও লুটপাট করা হয়েছে। ওই দিন ১৫ জনকে হত্যাও করা হয়।
জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ২৩ মার্চ (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
এদিকে কায়সারের জামিন বাতিল চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করা হয়েছে।