‘কিংস পার্টি’ গঠনে সমর্থন দেওয়ার কথা অস্বীকার মইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন বিএনপির সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দলটি গঠনে সহায়তা করে বলে ব্যাপকভাবে মনে করা হয়। কিন্তু সেনাপ্রধান মইন উ আহমেদ ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী চৌধুরী উভয়েই মার্কিন দূতাবাসের কাছে দলটি গঠনে তাঁদের ভূমিকার কথা অস্বীকার করেন।উইকিলিকসের প্রকাশ করা মার্কিন দূতাবাসের তারবার্তায় এ কথা বলা হয়েছে।তারবার্তায় বলা হয়, প্রধান দলগুলোর রাজনৈতিক নেতারা মার্কিন দূতাবাসকে বলেছিলেন, নবগঠিত ওই দলে যোগ দিতে তাঁদের প্রলোভন ও ক্ষেত্রবিশেষে হুমকিও দেওয়া হয়। দলটি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন পাবে বলেও সেনা গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।নতুন দল গঠনের উদ্যোক্তা ফেরদৌস আহমেদ কোরেশী রাজনৈতিক শূন্যতা পূরণে ‘স ৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি’র রাজনীতিকদের একত্র করার উদ্যোগে সমন্বয়ক হিসেবে নিজের পরিচয় দেন। দল গঠনের পেছনে সেনাবাহিনীর কোনো সমর্থন থাকার কথা তিনি দূতাবাসের কাছে অস্বীকার করেন। তারবার্তায় বলা হয়, দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরাতে না পারা, রাজনীতিতে প্রবেশে সেনাপ্রধান মইনের অবস্থান স্পষ্ট না করা ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব না পাওয়ার কারণে ‘কিংস পার্টি’ ব্যর্থ হয়।বার্তায় আরও বলা হয়, আওয়ামী লীগ, বিএনপি, এরশাদের জাতীয় পার্টি ও এলডিপির অনেক নেতা মার্কিন দূতাবাসকে বলেন, ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী ও ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন তাঁদের জানিয়েছেন, সেনাবাহিনীর সমর্থনে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। ওই দলে যোগ দেওয়ার জন্য ডিজিএফআইয়ের কর্মকর্তারা তাঁদের প্রতি আহ্বান জানান। নেতারা দূতাবাসকে বলেন, দলটি গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ ও মধ্য পর্যায়ের নেতা এবং সুশীল সমাজের কয়েকজন নেতাকে চিহ্নিত করা হয়েছে। তারবার্তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য অভিযোগ করেন, নতুন দলে যোগ দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার হুমকি দেয় ডিজিএফআই। এ ছাড়া অনেক নেতাই বলেন, বলতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, তবে তা প্রকাশ্যে নয়। বিএনপির একজন সাবেক মন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগের ভয়ে হোক বা ইচ্ছা করে হোক, বিএনপির অন্তত ১০০ জন সংসদ সদস্য নতুন দলে যোগ দিতে পারেন। তারবার্তায় বলা হয়, ‘এক-এগারোর সমর্থক’ বিএনপির নেতারা মার্কিন দূতাবাসকে তাঁদের হতাশা ও সংশয়ের কথা জানান। কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেন, ডিজিএফআইয়ের পক্ষ থেকে তাঁদের কাছে মিশ্রবার্তা পাঠানো হচ্ছে। এই নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া এবং খালেদা জিয়াকে দেশের বাইরে না পাঠানোকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। নতুন গড়া একটি দল দুটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধে কেমন করবে, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন তাঁরা। ওই নেতারা বলেন, সেনাপ্রধান মইনের অবস্থানও স্পষ্ট নয়। তাঁরা বলেন, ব্রিগেডিয়ার বারী নতুন দলটি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এ টি এম আমিন ও অন্য সেনা কর্মকর্তারা চূড়ান্ত কিছু জানাচ্ছেন না। বেশির ভাগ মধ্যস্থতাকারী বলছেন, সেনাপ্রধান মইন তাঁদের নিশ্চিত করেছেন, তাঁর কোনো রাজনৈতিক অভিলাষ নেই। তবে মধ্যস্থতাকারীদের একজন সেনাপ্রধানের বরাত দিয়ে বলেছেন, ‘দেশের প্রয়োজনে’ তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন। তারবার্তায় বলা হয়, সেনাপ্রধান মইন ও ব্রিগেডিয়ার বারী মার্কিন দূতাবাসের কাছে বলেন, তাঁদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। মইন বলেন, সেনাবাহিনীর ‘পিঠ দেয়ালে না ঠেকলে’ সামরিক শাসন জারি করা হবে না।তারবার্তায় বলা হয়, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ফেরদৌস আহমেদ কোরেশীর সঙ্গে ২০০৭ সালের ২ জুন বৈঠক করেন ঢাকার মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদও উপস্থিত ছিলেন। দল গঠনের সঙ্গে সেনাবাহিনীর কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেন কোরেশী। ব্রিগেডিয়ার বারীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জেনারেল বারী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর কাজ হলো রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়া ও জনগণকে নির্বাচনমুখী করা। স্বাভাবিকভাবেই তিনি রাজনীতিকদের সঙ্গে সাক্ষা ৎ করেন। দল গঠনে সরকার কোনো সহায়তা করছে কি না, এমন প্রশ্নের জবাবে কোরেশী বলেন, ‘সরকার আমাদের পৃষ্ঠপোষকতা করছে না, তবে আমাদের প্রতি বন্ধুভাবাপন্ন।’মার্কিন ওই কর্মকর্তাকে কোরেশী জানান, যে কেউ তাঁর এই উদ্যোগে শরিক হতে পারেন। তবে কোনো রাজনৈতিক দল থেকে জ্যেষ্ঠ কোনো নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, ‘সেনাবাহিনী রাজনীতিতে জড়িত হচ্ছে না। তাঁদের অন্য বাধ্যবাধকতা আছে।’