আনন্দে মেতেছে 'কিআনন্দ'
‘কিআনন্দ’ উৎসব বেশ জমে উঠেছে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ আনন্দে মেতেছে এই উৎসবে। বেলা যত বাড়ছে, নানা আয়োজনে তত যেন বৈচিত্র্যে ভরপুর হয়ে উঠছে ছোটদের প্রিয় সাময়িকী ‘কিশোর আলোর’ জন্মোৎসব। ।
ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বেলুন উড়িয়ে ‘কিআনন্দ’ উৎসবের উদ্বোধন করা হয়। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ উৎসবের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন সবার প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদ ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন। বেলুন উড়তেই আনন্দে শুরু হয় চিৎকার। ‘কী আনন্দ’ স্লোগানের সঙ্গে সঙ্গে বেলুন উড়ে যায় আকাশে। এর পর শুরু হয়েছে নানা আনন্দ আয়োজন।

নাচে-গানে জমজমাট মঞ্চ। কিশোরদের পরিবেশনায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে হয়েছে সুরের ধারার গান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে ভিকারুননিসা নূন স্কুল, সানিডেইল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছেলেমেয়েরা। মঞ্চে গান শোনায় সংগীত শিল্পী হৃদি, প্রাপ্তি, স্মরণ, ঐশীসহ আরও অনেকে। ক্লোজআপ ওয়ান তারকা সাব্বিরও গান করেন।
অনুষ্ঠানের ফাঁকে বক্তব্য দিয়েছেন অতিথিরা। প্রধান অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ঘরের মধ্যে বসে পড়লেই তো হতো। এসব অনুষ্ঠানে আসার কী দরকার? কেন এসেছ? পরে তিনি নিজেই উত্তর দেন। বলেন, সাহিত্য, কিশোর আলো, বই পড়া, গান শোনা, নীল আকাশ দেখা—এগুলোর মধ্য দিয়ে জীবনকে আনন্দ দিতে হয়। তিনি বলেন, নীল আকাশের মধ্য দিয়ে দূর পৃথিবীকে দেখো। শুধু পাঠ্যবই মুখস্থ করলে বড় হওয়া যাবে না। দূরকে দেখতে হবে। দূরকে দেখো। অনেক বড় হয়ে যাবে।

সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, কিশোর আলো যেন আলোকিত করে তোমাদের। আরও একধাপ এগিয়ে নিয়ে যায় জীবনে।
ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, আজ যারা এখানে এসেছ, তারা দেশের ভবিষ্যৎ। তাদের অনেকে বড় হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত শিশু কিশোরদের কাছে জানতে চান, এখানে প্রথম আলো না কিশোর আলোর পাঠক বেশি? পরে তিনিই উত্তর দিয়ে বলেন, কিশোর আলোর পাঠক বেশি। তোমাদের মধ্যে এমন অন্তত ১০ জন আছে, যারা প্রথম আলোর চেয়েও বড় কাগজ বের করবে। আমরা সে স্বপ্ন দেখি।
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, কিশোর আলোর জন্মদিন ছিল ১ অক্টোবর। এবার দ্বিতীয়বারের মতো কিশোর আলোর জন্মদিন উৎসব হচ্ছে। এত সকালেই বাচ্চাদের নিয়ে আসার জন্য তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্লাসে যারা ফার্স্ট হয়, তারা আর কিছু করে না। জাতীয় জীবনে অবদান রাখতে পারে না। যারা পরীক্ষায় ভালো করে, আর এর বাইরেও অনেক কিছু করে, তারা জীবনে অনেক বড় হয়।

অনুষ্ঠানের মাঝখানে মঞ্চে আসেন কার্টুন বেসিক আলীর স্রষ্টা শাহরিয়ায়। ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, গীতিকার কবির বকুল, উন্মাদের সম্পাদক ও কিশোর আলোর নিয়মিত লেখক আহসান হাবীব, অভিনেতা আফজাল হোসেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, আমীরুল ইসলাম প্রমুখ লেখকের সঙ্গে খুদে পাঠকেরা আড্ডা দেয় ৷ দিনভর চমক হিসেবে উপস্থিত আছেন অনেক প্রিয় তারকা।
সকালে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বাস্কেট বল গ্রাউন্ডে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। দুপুরে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিচারকেরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কিশোর আলোর দুই স্বেচ্ছাসেবক সাদেকিন হায়দার ও সামিয়া শারমিন। সকালে ফুটফুটে এক শিশুকে মঞ্চে ডেকে নেয় তারা। জানতে চায়, কিশোর আলো পড়ে কি না। সে জানায়, কিশোর আলো পড়ে। মা ও বোনের সঙ্গে আজ সারা দিন সে মজা করবে। অভিভাবক জুবায়েদ শিকদার বলেন, কিশোর আলোর অনুষ্ঠানে আসার জন্য দুই মেয়ে বায়না ধরেছে আগে থেকেই। তাই সকাল সকাল চলে এসেছেন।

উদ্বোধনের পই মাঠে ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়। কবির বকুলের লেখা কিশোর আলো, কিশোর আলো-গানের সঙ্গে একদল ছেলেমেয়ে নেচেগেয়ে ফ্ল্যাশ মব করে।
নামাজের বিরতির পর আবার শুরু হবে উৎসব। কিআনন্দ কসপ্লেতে (কসটিউম প্লে) শুরু হবে বেলা তিনটায়। শিশু-কিশোরেরা সেজে আসতে পারে টিনটিন, সুপারম্যান, ব্যাটম্যানসহ যেকোনো প্রিয় কমিকস চরিত্র কিংবা রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বেগম রোকেয়া, আইনস্টাইনের মতো বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের সাজে।
প্রিয় পোষা পাখি, বিড়াল, কুকুর, খরগোশ, মোরগ বা অন্য কোনো প্রাণী থাকলে নিয়ে আসা যাবে কিআনন্দ মেলায়। তাদের নিয়ে বেলা তিনটা থেকে হবে জমজমাট পোষা প্রাণীর প্রদর্শনী। দিনব্যাপী এ উৎসবে আরও আছে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, কমিকস, গেমিং কর্নার, ক্যারিকেচার, কার্টুন প্রদর্শনী, বিজ্ঞানের মজার খেলা, ফ্ল্যাশ মব, বাস্কেট-এ-বলসহ বিভিন্ন খেলা, জাদু, সাইকেল স্টান্ট, বুদ্ধির খেলা, নাচ-গান, সার্কাস, অরিগ্যামিসহ আরও অনেক কিছু। মেলায় প্রথমার স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকাশনীর শিশু ও কিশোরপাঠ্য বই। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
