'কিআনন্দ' উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অক্টোবরে শিশু-কিশোরদের জন্য মাসিক ম্যাগাজিন কিশোর আলোর এক বছর পূর্ণ হলো। এ উপলক্ষে কিশোর আলো আয়োজন করছে ‘কিআনন্দ’ উৎসবের। ২৪ অক্টোবর শুক্রবার রাজধানীর আসাদগেটের সেন্ট যোসেফ স্কুলে কিশোর-কিশোরীদের জন্য দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
উৎসবে শিশু-কিশোরদের জন্য এবং তাদের অংশগ্রহণে থাকবে বিচিত্র প্রদর্শনী, কর্মশালা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। কার্টুন ও কমিকস প্রদর্শনী, বিজ্ঞানের মজার পরীক্ষা, জরুরি চিকিৎসাসেবা ও আত্মরক্ষার কৌশলের সংক্ষিপ্ত কর্মশালা, অ্যাডভেঞ্চার, পটারি-অরিগ্যামি কিংবা মুখোশ তৈরি হাতে-কলমে শেখা, ছবি আঁকা ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা, জাদু, খেলাধুলা, স্কাউটিং, কম্পিউটার গেম এবং সাইকেল স্টান্টের মতো মজার আয়োজন। থাকবে নাটক, গান ও নৃত্যসংবলিত সাংস্কৃতিক অনুষ্ঠান। চাইলেই করিয়ে নিতে পারবে তোমার ক্যারিকেচার। অনুষ্ঠানে শিশু-কিশোরদের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন দেশের সেরা খেলোয়াড়, শিল্পী, তারকা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকেরা। সকাল সাড়ে আটটায় উদ্বোধন হয়ে কিআনন্দ উৎসব চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
তোমাদের অংশগ্রহণ: কিআনন্দ উৎসবের সব আয়োজন শিশু-কিশোরদের জন্য, তাদের মতো করে। এর পাশাপাশি কিছু আয়োজনে সরাসরি অংশগ্রহণের সুযোগও থাকবে।
সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারবে তৃতীয় থেকে পঞ্চম (ক বিভাগ) এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (খ বিভাগ) পর্যন্ত পড়ুয়া যে কেউ। ক বিভাগের বিষয় ‘আমার স্বপ্ন’ এবং খ বিভাগের বিষয় ‘আমার শহর’। প্রতিযোগিতার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চলে আসতে হবে উৎসব প্রাঙ্গণে। সঙ্গে করে ছবি আঁকার সরঞ্জাম আনতে হবে। প্রয়োজনীয় কাগজ কিআর পক্ষ থেকে দেওয়া হবে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার!
তোমাদের অনেকেরই মজার সংগ্রহের শখ আছে হয়তো। কেউ হয়তো ডাকটিকিট সংগ্রহ করছ, কেউ স্টিকার, কয়েন, খেলার টিকিট, ইরেজার, স্ক্র্যাপবুক, পেনড্রাইভ, কলম, পেনসিল ইত্যাদি। তোমার যদি এ রকম বিচিত্র জিনিস সংগ্রহের শখ থাকে, তবে দ্রুত যোগাযোগ করো কিশোর আলোর সঙ্গে। তোমার শখের জিনিসের প্রদর্শনী করা হবে কিআনন্দে।
এ ছাড়া কিআনন্দ উৎসবে তোমরা অংশগ্রহণ করতে পারো কমিকনে। সেখানে তোমরা সেজে আসতে পারো তোমার যেকোনো প্রিয় কমিকস চরিত্র। যেমন: টিনটিন, সুপারম্যান, ব্যাটম্যান হিসেবে। এর পাশাপাশি সেজে আসতে পারো তোমার প্রিয় যেকোনো ব্যক্তিত্ব। যেমন: আইনস্টাইন, রবীন্দ্রনাথ বা বেগম রোকেয়ার সাজে। সব কটি প্রতিযোগিতায় থাকবে পুরস্কার জেতার সুযোগ।