‘রেলের নিয়োগে কিছু কিছু অনিয়ম ধরা পড়েছে এবং পড়ছে’ বলে মন্তব্য করেছে তদন্ত কমিটি। রেলের নিয়োগবাণিজ্য তদন্ত করতে এসে গতকাল রোববার সকালে সিআরবি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটির আহ্বায়ক ও রেলের যুগ্ম মহাপরিচালক মো. শামসুজ্জামান এই মন্তব্য করেন। রেলওয়েতে সম্প্রতি কর্মচারী নিয়োগ নিয়ে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠে। এসব নিয়োগের অনিয়ম তদন্তের জন্য চার সদস্যদের একটি কমিটি গঠন করা হয়।এই কমিটির প্রধান করা হয় যুগ্ম মহাপরিচালক মো. শামসুজ্জামানকে। গতকাল তাঁর নেতৃত্বে কমিটির সদস্যরা বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন ও সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষ্য নেন। তদন্ত কমিটির প্রধান শামসুজ্জামান আরও বলেন, তদন্ত আরও কয়েক দিন চলবে। সপ্তাহ দুয়েক পরে রেলের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।এর আগে রাজশাহীতেও তদন্ত করতে যাবে কমিটি। এক প্রশ্নের জবাবে কমিটির প্রধান বলেন, দায়সারাভাবে তদন্ত না করে কমিটি গভীরে যাওয়ার চেষ্টা করছে। এ জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হচ্ছে। প্রসঙ্গত, তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে বিপুল অঙ্কের অর্থ উদ্ধার করার পর রেলে নিয়োগে অনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে।