'কিছু চিকিৎসক সময়ের আগেই হাসপাতাল ছাড়েন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কামরুল হাসান খান বলেছেন, কোনো কোনো চিকিৎসক নির্দিষ্ট সময়ের আগেই কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে চলে যান। চিকিৎসকদের এই আচরণ আর মেনে নেওয়া হবে না। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগের চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যকে উদ্ধৃত করে বলা হয়, কামরুল হাসান খান বলেন, ‘এখানে চাকরি করবে, আর মনটা বাইরে পড়ে থাকবে বা দুপুর ১টা বাজতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করবে তা মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে এসে ডাক্তার ডেকে পাওয়া যায় না, নার্সগণ তাঁদের দায়িত্ব পালন করে না, এমন কথা যেন শুনতে না হয়। এখানে কর্মরত সকলের মন-মানসিকতা যেন এমন না হয় যে, দুপুর আড়াইটার পর তাঁদের আর কোনো দায়িত্বই নেই।’

শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব শিক্ষক, চিকিৎসককে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, প্রত্যেক বিভাগকে দায়িত্ব নিয়ে ২৪ ঘণ্টা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসা কোনো রোগীকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া যাবে না। তিনি রোগী ও তাদের স্বজনদের প্রতি সুন্দর আচরণ বা ভালো ব্যবহারের প্রতি আরও যত্নবান হওয়ার অনুরোধ করেন।

মতবিনিময় সভায় উপাচার্য নতুন চেয়ারম্যানদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, অধ্যাদেশ ও প্রবিধান তুলে দেন। এ ছাড়া সভায় গত ২৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এ. কে. এম খোরশেদ আলমের মৃত্যুতে শোক জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।