'কিছু পুঁজি পাইলে ছোটখাটো ব্যবসা করতে পারতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বশর মিয়া
বশর মিয়া

হাঁটুর নিচ থেকে দুটি পা ও কনুই থেকে একটি হাত নেই। নেই কোনো জমিজমা। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে নিয়ে তাঁর সংসার। তাঁর রোজগারে সবার মুখে ভাত জোটে। প্রতিদিন সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন। বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা বিলি করেন। এত দিন যেতেন হুইলচেয়ারে করে। এখন রিকশায় যান। প্রায় ৩০ বছর ধরে চলছে মো. বশর মিয়ার জীবনযুদ্ধ। এখন ঘুরে দাঁড়াতে চান। ছোটখাটো ব্যবসা করতে চান। কিন্তু এ জন্য যে সামান্য পুঁজি দরকার, তা-ও যে তাঁর নেই।
বশর মিয়ার (৫৫) সঙ্গে গত রোববার কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, একসময় আর দশ জনের মতো তাঁরও শরীরের সবকিছুই স্বাভাবিক ছিল। তিনি মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার একটি মুদিদোকানে কাজ করতেন। একদিন হঠাৎ খেয়াল করেন তাঁর ডান হাতের একটি আঙুলে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষত ছড়িয়ে পড়ে অন্য হাত ও পায়ে। চিকিৎসকদের কেউ বলেন গ্যাংগ্রিন, কেউ বলেন সেপটিক। ভুল চিকিৎসার কারণে ১৩ বার তাঁর অস্ত্রোপচার হয়। তাঁর দুটি পায়ের হাঁটুর নিচ থেকে এবং ডান হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলতে হয়েছে। বাঁ হাতের দুটি আঙুলও কাটা পড়ে।
বশর মিয়া বলেন, তাঁর প্রতিবন্ধী জীবনের সেই শুরু। এরপর পত্রিকার হকারি শুরু করেন। স্ত্রী-সন্তানদের নিয়ে সদর উপজেলার শ্রীরাইনগর গ্রামে অন্যের জায়গা ঘর তুলে থাকেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে ভাড়া রিকশায় বের হন। প্রায় তিন-চার কিলোমিটার দূরে শহরের চৌমোহনা এলাকা থেকে পত্রিকা নিয়ে চালকের সহযোগিতায় রিকশায় ওঠেন।

বশর মিয়া আরও বলেন, আগে হুইলচেয়ারে ঘুরে ঘুরেই শহরের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে পত্রিকা পৌঁছে দিতেন। এখন হুইলচেয়ার চালানোর বল নেই। যে কারণে ভাড়া করা রিকশায় চড়ে গ্রাহকদের কাছে পত্রিকা পৌঁছে দেন। তাঁর লাভের একটা বড় অংশ রিকশা ভাড়াতেই চলে যায়।

মৌলভীবাজারের পত্রিকা এজেন্সি নিউজ কর্নারের মালিক শংকর রঞ্জন তরাত বলেন, প্রায় প্রতিদিনই তিনি (বশর মিয়া) পত্রিকা নিয়ে বিক্রি করেন। বশর মিয়া বলেন, ‘কিছু পুঁজি পাইলে ছোটখাটো একটা ব্যবসা করতে পারতাম। একটা ঘরবাড়ি করলে আর চিন্তা ছিল না।’