'কিছু শিক্ষক শ্রেণিকক্ষে নয়, টাকায় বাড়িতে পড়ান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকতায় এমন কিছু লোক ঢুকে গেছেন, যাঁরা শ্রেণিকক্ষে (ক্লাসে) পড়ান না। কিন্তু বাড়িতে টাকার বিনিময়ে পড়ান। সংখ্যায় কম হলেও কিছু শিক্ষক পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। এর চেয়ে কুশিক্ষা আর কী হতে পারে?

গতকাল রাজধানীর পলাশীর ব্যানবেইস ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার কার্যক্রম উদ্বোধনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু হজে যেতে ইচ্ছুক ১ হাজার ৮৫১ জন শিক্ষক-কর্মচারীকে এই প্রক্রিয়ায় টাকা দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।