'কিছু স্বার্থান্বেষী আইনজীবীও বাধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করেন ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষ​দ’–এর নেতারা   l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করেন ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষ​দ’–এর নেতারা l ছবি: প্রথম আলো

রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতার অভাব এবং স্বার্থান্বেষী কিছু আইনজীবীর বাধার কারণে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন করা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির কাছে চট্টগ্রামের বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। পরিষদের সচিব আইনজীবী শংকর প্রসাদ দে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, পরিষদের প্রধান সমন্বয়কারী মো. কাশেম কামাল, সদস্য বজলুর রশিদ, বদরুল হুদা, ইকবাল হাছান, শিপলু কুমার দে প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতে ২৯টি রাজ্যের জন্য হাইকোর্ট রয়েছে ২৪টি। আর সার্কিট বেঞ্চ রয়েছে ১৪টি। ১৭ কোটি মানুষের জন্য ঢাকায় একটি মাত্র হাইকোর্ট আইনের দৃষ্টিতে সমতা ও নাগরিক অধিকার কোনো মাপকাঠিতেই গ্রহণযোগ্য নয়। ঢাকার বাইরে সার্কিট বেঞ্চ হলে ঢাকাও বাঁচবে, জনগণও বাঁচবে। ঢাকাকেন্দ্রিক কিছু স্বার্থান্বেষী আইনজীবী সার্কিট বেঞ্চ স্থাপনে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিষদের নেতারা বলেন, শুধু রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতার অভাবে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করা যাচ্ছে না।