'কিডস রিড' কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ‘কিডস রিড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল খুদে শিক্ষার্থীদের গল্প শোনান বিখ্যাত গল্পকথক অ্যালেক উইলিয়ামস l প্রথম আলো
চট্টগ্রামে ‘কিডস রিড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল খুদে শিক্ষার্থীদের গল্প শোনান বিখ্যাত গল্পকথক অ্যালেক উইলিয়ামস l প্রথম আলো

মঞ্চে চেয়ার-টেবিল নেই। আছে হোয়াইট বোর্ড আর বেঞ্চ। সেখানে বসে আছে একদল শিশু। শিক্ষকের ভূমিকায় এক বিদেশি। হাতে ছবিযুক্ত গল্পের বই। একের পর এক উল্টাতে থাকেন বইয়ের পাতা। শোনান মাকড়সা, বানর আর কুমিরের গল্প। তাঁর গল্প বলার ধরন ও শারীরিক কসরতে শিশুরা একবার অবাক হচ্ছে তো আরেকবার উচ্ছ্বাসে মেতে উঠছে।
গতকাল শনিবার দুপুরে এই দৃশ্য দেখা যায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘কিডস রিড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে। এতে শিশুদের গল্প শোনান বিখ্যাত গল্পকথক অ্যালেক উইলিয়ামস। তাঁর গল্প শুনে শিশুদের মতো উচ্ছ্বসিত মঞ্চের সামনের সারিতে থাকা বয়স্ক মানুষগুলোও।
দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) সহযোগিতায় চট্টগ্রাম নগরের নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রান্সওয়া দি ম্যারিকো, ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগার ব্যবস্থাপক সরওয়াত রেজা। ব্রিটিশ কাউন্সিলের জ্যেষ্ঠ প্রশিক্ষণ পরামর্শক অ্যান্ড্রু জোনসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টার অফিসার মাসুদুল আলম, চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক নাহিদ খান, এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনের উপাচার্য ফাহিমা আজিজ প্রমুখ।
গতকালের অনুষ্ঠানে চট্টগ্রামের তিনটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা এবং কক্সবাজারের দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে ছড়া আবৃত্তি করে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসা ও সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের হাতে ৮০টি করে ইংরেজি গল্পের বই তুলে দেন অতিথিরা।
শিক্ষাসচিব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না। স্বপ্ন দেখতে হলে বই পড়তে হবে। শুধু ক্লাসের বই নয়, বাইরের বইও পড়তে হবে।’
ফ্রান্সওয়া দি ম্যারিকো বলেন, ‘তোমাদের মতো ছোটবেলায় আমারও অনেক পছন্দের গল্পের বই ছিল। বইয়ের মজার মজার গল্পগুলো এখনো আমার স্মৃতিতে তাজা হয়ে আছে।’
বক্তৃতাপর্ব শেষে অতিথিরা কেক কেটে ‘কিডস রিড’ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অ্যালেক উইলিয়ামস শিশুদের গল্প শোনান।
আয়োজকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে গল্পের বইগুলো থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।