'কিন্তু এমনে আর কত দিন?'
২০-দলীয় জোটের টানা অবরোধে যানবাহন চললেও তা খুবই কম। বাধ্য হয়ে যাঁরা এসব যানবাহনে উঠছেন, তাঁরাও যতক্ষণ গাড়িতে থাকছেন, পেট্রলবোমার আতঙ্কে ভুগছে।
সামনের কোথাও রেললাইন উপড়ে ফেলা হয়েছে কি না, সেই শঙ্কায় থাকছেন রেলযাত্রীরা। একান্ত বাধ্য না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
কিশোরগঞ্জের তাড়াইলের অনেক বাসিন্দাই নানা পারিবারিক কাজ সারতে কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসে আটকা পড়েছেন। তাঁরা ভয়ে বাস অথবা রেলে চড়ে আর কর্মস্থলে যেতে সাহস পাচ্ছেন না।
চাকরি হারানোর ভয়ে কেউ কেউ মরিয়া হয়ে কর্মস্থলে ফিরতে চাইলেও স্ত্রী, মা-বাবা ও সন্তানেরা বাধা দিচ্ছেন। এতে গ্রামের অনেক ঘরেই শ্রমজীবী এসব মানুষকে বাড়িতে বসে অলস সময় কাটাতে দেখা গেছে। নিম্নবিত্ত মানুষেরা কাজে যেতে না পারায় পরিবারগুলোতে এরই মধ্যে দেখা দিয়েছে অচলাবস্থা।
উপজেলার রাউতি গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া রাজধানীর মিরপুরে থেকে রিকশা চালান। প্রায় ২০ দিন আগে বাড়িতে এসে অবরোধের কারণে আর যেতে সাহস পাচ্ছেন না।
তিনি বলেন, ‘মা-বাবা, স্ত্রী-সন্তানসহ সংসারে সাতটা খাওয়ার মুখ আমার; রিকশা টাইনা সংসার চালাই। এই রকম বাড়িতে বইসা আমাগো মতো মানুষগো চলে?’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘আমার স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। অবরোধের কারণে ১৬ দিন ধইরা তিনি বাড়িতে বসা। উনি অবশ্য ঢাকায় যাইতে চাইতেছেন। ভয়ে আমিই তাঁকে যাইতে দিতেছি না। কিন্তু এমনে আর কত দিন?’
সহিলাটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক খন্দকার ইকবাল খান বলেন, ‘দুই মাস আগে আরব আমিরাত থেকে ছোট ভাই বাড়িতে এসেছিলেন।
ছুটি শেষ হওয়ায় বিমানে তুলে দিতে গত বৃহস্পতিবার তাঁকে নিয়ে ট্রেনে কিশোরগঞ্জ থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে যাই। যাওয়া-আসার সময় ভীষণ ভয় পেয়েছিলাম। ঠিকমতো ফিরে আসতে পেরে আল্লাহর কাছে শোকরগুজার করেছি।’
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ক্ষুদ্র ব্যবসা করেন ভাওয়াল গ্রামের আউয়াল মিয়া।
তিনি বলেন, ‘জরুরি প্রয়োজন থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে এখন চট্টগ্রামে যাওয়ার সাহস পাচ্ছি না।’