‘কিন্তু বিরিজ আর অয় না’
‘বুদ্দি অইচে পর থাইকাই হুনতাচি বিরিজ অইব। কিন্তু বিরিজ আর অয় না। কত সরকার আইল। কোনো সরকারই তো আমাগো বিরিজ বানাইয়া দিল না।’ কথাগুলো বলছিলেন ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া গ্রামের দিল মোহাম্মদ (৯০)।ঢাকার মিরপুর বেড়িবাঁধ আর সাভারের আমিনবাজার ঘেঁষে বয়ে যাওয়া তুরাগ নদের তীরের কাউন্দিয়া ইউনিয়নের ২১টি গ্রামে প্রায় ৮০ হাজার লোকের বাস। একটি সেতুর অভাবে যুগের পর যুগ দুর্ভোগের শিকার হচ্ছেন এখানকার বাসিন্দারা। নৌকা ছাড়া ইউনিয়নের বাইরে যাওয়ার কোনো বিকল্প নেই।ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আমিনবাজার এলাকার বাজার পার হয়ে সরু গলির মতো রাস্তা দিয়ে কিছুদূর যাওয়ার পর তুরাগ নদসংলগ্ন আমিনবাজার ঘাট। আর অন্য পারে রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার দিয়াবাড়ী ঘাট। ইউনিয়নের লোকজন এ দুটি ঘাট ছাড়া আরও কয়েকটি ঘাট দিয়ে নৌকায় তুরাগ পার হন।কাউন্দিয়ার বাঘসাত্রা গ্রামের মোসলেম উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই তিনি নৌকায় করে তুরাগ পার হয়ে আসছেন। তিনি আরও বলেন, ‘ভোটের সময় সবাই সেতু নির্মাণের আশ্বাস দেন, কিন্তু ভোটের পর আর মনে রাখেন না।’কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল আলম বলেন, ‘একটি সেতুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না।’স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘কাউন্দিয়া সেতু আমার নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রাথমিক সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও সেতু নির্মাণ-সংক্রান্ত ফাইলটি মন্ত্রণালয়ে আটকে থাকায় কাজ এগোচ্ছে না।’