‘কিবায় বাইচ্চা থাকবাম আমরারে কইয়া দেইন’
‘যহন আমন চাষ করছিলাম, তহন ধানের দাম আছিন সাত শ টেহার উপরে। ধান যহন কাটছি, তহন বাজার দর হুনছি ছয় শ টেহা। ধান শুহাইয়া যহন বাজারে লইয়া গেছি, তহন দাম পাইছি পাঁচ শ টেহার মতো। এই বায় যদি চলে তা অইলে আমরারে কইয়া দেইন কিবায় আমরা বাইচ্চা থাকবাম।’ হতাশ কণ্ঠে এ কথাগুলো বলেছেন কৃষক আবদুল সোবান (৭০)। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির চন্দ্রপুর গ্রামে। কৃষক অবদুল সোবান ১৯ জানুয়ারি এ কথাগুলো বলেছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে কাছে পেয়ে। ইউএনও তখন স্থানীয় কালেঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। তিনি স্থানীয় বাজারের সারের ডিলারের দোকান পরিদর্শন করে উপস্থিত কৃষকদের কাছে জানতে চাইছিলেন, তাঁরা এ দোকান থেকে নিয়মিত সার পান কি না।ওই বাজারে কথা হয় আবদুল সোবানসহ অসংখ্য কৃষকের সঙ্গে। তাঁরা তাঁদের জীবনযাত্রার ব্যয় ও আয় নিয়ে হতাশ কণ্ঠে প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সরহার সারের দাম বাড়াইছে। ডিজেলের দামও বাড়াইয়া দিছে। এর লাইগ্যা সব জিনিসপত্রের দাম বাইড়া গেছে। কিন্তু আমরার ধানের দাম উল্ডা (উল্টো) কমতাছে। বেশি দাম দিয়া সার-ডিজেল-কামলা লাগাইয়া ফসল কইরা যদি ন্যায্য দাম না পাই, তা অইলে কিবায় আমরা বাচবাম। সরহার কি আমরার দিকডা একটু দেখতো না।’