পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে দক্ষিণ বাকলিয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় এ মামলা করেন।
এদিকে দিদারুল হকের দোনলা বন্দুকের লাইসেন্স বাতিলের জন্য পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসনে চিঠি দেওয়া হচ্ছে।
গত সোমবার বাকলিয়া আফগান মসজিদ এলাকায় একটি জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় দিদারুল হক তাঁর দোনলা বন্দুক থেকে গুলি ছুড়লে ইমন হাছান নামের এক শিশু আহত হয়। শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, জায়গা দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় দিদারুল হকসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
ওসি বলেন, লাইসেন্স করা বন্দুক দিয়ে কেউ অকারণে কাউকে গুলি করতে পারেন না। কিন্তু কিরিচ বাবুলের গুলিতে এক শিশুসহ পাঁচজন আহত হয়। তাই তাঁর অস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হচ্ছে। বাবুল ও তাঁর সহযোগীদের ধরতে পুলিশের অভিযান চলছে।