‘কিলা পেটো চাইরটা ভাত দিতাম অউ চিন্তায় থাকি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে। অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের জোর দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। এ দাবিতে হরতালও করা হয়েছে।তবে সাধারণ মানুষের অনেকেই জানেন না, তত্ত্বাবধায়ক সরকার থাকলে বা না থাকলে তাদের কী লাভ, কী ক্ষতি। গত বুধবার এ নিয়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা হলো।শহরের কোর্ট রোডে জুতা সেলাইয়ের কাজ করেন রতন রবিদাস। ‘এটা (তত্ত্বাবধায়ক সরকার) নিয়া আমরার চিন্তাউন্তা নাই। কিলা পেটো চাইরটা ভাত দিতাম অউ চিন্তায় থাকি। এটা অইলো বড় লোক অখলর কাজ। তারা এটা লইয়া অরতাল করইন। বিশৃঙ্খলা অয়, আর আমরার পেটো লাত পরে।’ সহজ-সরল প্রতিক্রিয়া তাঁর।মৌলভীবাজার সদর উপজেলা বাবুর্চি সমিতির সাধারণ সম্পাদক কুদ্দুছ মিয়া অবশ্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে। ‘তত্ত্বাবধায়ক সরকার থাকলে ভালা। ইলেকশনর লাগি ভালা অইবো। যে সরকার ক্ষমতায় আছে, তারা ইলেকশন করি জিতলে অন্যরা বিশ্বাস করতো নায়। ইলেকশন বানচাল অইবো।’ সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের বেকামুড়ার সিএনজিচালিত অটোরিকশা চালক আহাদ মিয়া বলেন, ‘এককথায় এতা লইয়া আমার কোনো টেনশন নাই। কে আমরার বাকসো ভরি দিলাইন। আমি যে ডাইবার অও ডাইভারই থাকমু। আমিতো একটা জিনিস বুজি পাইনা। আওয়ামী লীগ গেলে কী করে, বিএনপি গেলে কী করে। চাউলর দর, আনাজর দর কমাইতো কয়। কমেতো না। আর এটা যে কোন যুগ পরছে, হরতাল দেয়। মানুষ মারে।’ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বেশি চিন্তা করতে চান না শহরের শমশেরনগর এলাকার গৃহিণী ফারজানা বেগম। তাঁর কথা, ‘মাইনসে যাতে সুন্দর খরি ভোট দিত পারে, এই ব্যবস্থাটা খরলেই অয়।’কোর্ট রোডের ব্যবসায়ী আবদুল কুদ্দুছ মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকা উচিত। জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে জন্য সরকারের বাস্তব পদক্ষেপ থাকা উচিত বলে মনে করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কোনো ধারণা নেই মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামের কৃষক মো. আবদুল আহাদের। আবদুল আহাদ শহরে এসেছেন ওষুধ কিনতে। কোর্ট রোড এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। ‘তত্ত্বাবধায়ক সরকার আইলো না গেল আমরা ইতার খোঁজ রাখি না। ইতা অইলো যারা খমতায় আইন, তারার বিষয়। আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতাম। দেশটার মাঝে শান্তিশৃঙ্খলা থাকতো।’ একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি রেজওয়ান খান। শহরের মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ের একটি ওষুধের দোকানে আলাপকালে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বড় বিষয় না। আসল হচ্ছে, পরস্পরের প্রতি বিশ্বাস রাখা।’