
হাতের আঙুলের নখগুলো উপড়ে ফেলা। অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া মুখমণ্ডল। বুকে-পিঠে আঘাতের ক্ষত। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় ফুলে উঠেছিল দেহ। ছেলে তাজুল ইসলামের দিকে তাই শেষ দেখা দেখতেও তাকাতে পারেননি বাবা-মা।
গতকাল তাজুলের একটি ছবি কোলে নিয়ে তাঁর মা তাসলিমা বেগম বলছিলেন, ‘কত সুন্দর চেহারা আমার ছেলের। নিরীহ এই ছেলেকে তারা এমন নিষ্ঠুরভাবে মারল। কোনো দিন আর বাড়িতে এসে ছেলে মা ডাক দিবে না।’
ছেলের সুন্দর মুখটিই যেন সারাজীবন মনে থাকে তাই বিকৃত মুখটি দেখেননি এই মা। পাশে বসা তাজুলের বাবা আবুল খায়ের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা খঁুজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বললেন, ‘আমার ছেলেটা হয়েছে বলির পাঁঠা। কমিশনার সাহেব তারে পছন্দ করত। বিশ্বাস করত। ফাই-ফরমাশের কাজ করত। এটাই হলো কাল। আমরা গরিব মানুষ। আইন-আদালত করে বিচার পাওয়ার সামর্থ্য নাই। গভারমেন্টের যদি মন চায় এতগুলা মানুষের খুনের বিচার করবে, তাইলে বিচার পাইতে পারি। না হইলে পাইতাম না। যত দিন দুনিয়ায় থাকি এই দুঃখ-কষ্ট লইয়াই থাকতে অইব।’
গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজির চৌধুরীপাড়ায় কথা হচ্ছিল তাঁদের সঙ্গে। টিনের ছাউনি দেওয়া স্কুলঘরের মতো লম্বা একটি বাড়ি। ভেতরে দেয়াল দিয়ে আটটি ঘর। তাতে চারটি পরিবারের বসবাস। এরই দুটি ঘর ভাড়া নিয়ে থাকেন তাঁরা। ভাড়া ছয় হাজার টাকা।
তাজুলের বাবা জানালেন, তাঁদের তিন ছেলে। তাজুল বড়। টানাটানির সংসার। পড়ালেখা তেমন এগোয়নি। ইলেকট্রিকের ওপর একটি ভোকেশনাল ট্রেনিং কোর্স করেছিলেন। এলাকায় ইলেকট্রিকের কাজের জন্য বেশ নামছিল ওঁর। বছর দুয়েক আগে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানের মঞ্চের ইলেকট্রিকের সংযোগের কাজ করেছিলেন তাজুল। মূল কাজটির ঠিকাদারি পেয়েছিলেন প্যানেল মেয়র নজরুল ইসলাম। তাজুলের কাজ খুব পছন্দ হয়েছিল তাঁর। সেই থেকে ইলেকট্রিকের কোনো কাজ পেলে তাজুলকেই দিতেন। মাঝেমধ্যে বাড়ির ফয়-ফরমায়েশের কাজ করতেন। এভাবেই তাঁর সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। বেশির ভাগ সময় তাজুল নজরুল ইসলামের সঙ্গেই থাকতেন। ঘটনার দিনেও সঙ্গে ছিলেন। ফলে নজরুলের সঙ্গে একই পরিণতি বরণ করতে হয়েছে তাঁকে।
আবুল খায়ের জানালেন, তিনি সিদ্ধিরগঞ্জেই একটি প্যাকেজিং কারখানায় ১০ হাজার টাকা বেতনে কাজ করেন। দ্বিতীয় ছেলে সাইফুল ইসলাম উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ে আর একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। নিজের খরচ নিজেই চালিয়ে নেয়। ছোট ছেলে বেল্লাল হোসেন তৃতীয় শ্রেণীর ছাত্র। নিজের আয়ের সঙ্গে বড় ছেলের আয় যোগ করেই সংসার চলছিল। পুত্রবিয়োগের সঙ্গে আয়ের একটি উৎসও বন্ধ হয়ে গেছে। গায়ের শার্টটি দেখিয়ে তিনি বলছিলেন ‘এই জামাডিও ছেলের কিনে দেওয়া।’