
‘উজানের ঢলের পানি আর মেঘের (বৃষ্টি) পানিতে তিন দিন ধইরা আমগর ফসল ডুইবা রইছে। সব ধান পানির তলে। খেতে কামলাও (কৃষিশ্রমিক) নামবার চায় না। অহন আমরা নিরুপায়। মেঘের কমতি নাই। অহন কী করমু বুঝতাছি না।’
ডুবে যাওয়া চার একর ফসলের খেত দেখিয়ে গতকাল মঙ্গলবার কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নগরপাড়া গ্রামের কৃষক মো. কুদ্দুস আলী। শুধু তাঁর একার নয়, এ প্রশ্ন যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নের নয়টি গ্রামের তিন শতাধিক কৃষকের। তাঁদের ৫০০ একর বোরো ফসল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তিন দিন ধরে ডুবে আছে। পানি নেমে গেলেও ফসল রক্ষা হবে কি না, এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল গতকাল বলেন, যোগানিয়া ও কলসপাড় ইউনিয়ন তুলনামূলক নিচু এলাকা হওয়ায় পানি নামছে না। পানি না কমা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও বোঝা যাচ্ছে না।
স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে পাহাড়ি ঢলে বাঘবেড় ইউনিয়নের উত্তর সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ফসল রক্ষা বাঁধের ৬৫ ফুট অংশ ভেঙে যায়। এ অংশ আর সংস্কার করা হয়নি। এরপর ১৯ থেকে ২২ এপ্রিল শনিবার পর্যন্ত চার দিন চার দফায় ঢলের পানি ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে। এতে বাঘবেড় ইউনিয়নের ধানের খেত পানিতে ডুবে যায়। উজানের সেই পানি রোববার থেকে যোগানিয়ার নিম্নাঞ্চল—কাপাসিয়া, আড়িয়াল, বাটকামারী, দক্ষিণ বাটকামারী, যোগানিয়া, কুত্তামারা, বাথুরকান্দা ও গড়াকুড়া এবং কলসপাড়ের নগরপাড়া গ্রামে ঢুকে পড়ে। এতে এ দুটি ইউনিয়নের প্রায় ৫০০ একর বোরো ফসল ডুবে যায়। এগুলো তিন দিন ধরে ডুবে আছে। এসব ফসল দু-এক সপ্তাহের মধ্যে কাটার কথা ছিল। ডুবে যাওয়ায় অনেকেই কাঁচা-পাকা এসব ধান একরপ্রতি ১০ হাজার টাকায় কাটতে শ্রমিকদের চুক্তি দিয়েছেন।
সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কাপাসিয়া, আড়িয়াল ও নগরপাড়া গ্রামে খেত পানিতে একাকার। কেউ না বললে বোঝার উপায় নেই পানির নিচে ফসল রয়েছে। কয়েকজন কৃষক উচ্চমূল্যে শ্রমিক নিয়োগ করে পানির নিচ থেকে ধান কাটাচ্ছেন। সেই ধান নৌকায় করে ডাঙায় নিয়ে আসা হচ্ছে।
এ সময় কাপাসিয়া গ্রামের মোসলেম উদ্দিন বলেন, ‘তুলনামূলকভাবে আমগর এলাকা নিচু। চেল্লাখালীর নদীর ভাঙন দিয়া পানি আইয়া রোববার থাইকা এলাকার সব ফসল ডুবাইয়া গেছে। এর ওপর প্রচুর বৃষ্টিতে তিন দিন ধইরা আমার সাত কুরসহ (একর) এলাকার সব জমির ফসল ডুইবা আছে।’
নগরপাড়া গ্রামের গৃহিণী রাশিদা বেগম বলেন, ‘আমরা এক কুর জমির মধ্যে ৩০ হাজার টেহা খরচ কইরা আবাদ করছি। হেই ধান পানির নিচে পড়ছে। নিরুপায় অইয়া ১০ হাজার টেহা কামলা চুক্তি দিয়া আধা পাকা ধান কাডাইয়া আনতাছি।’
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, ‘পানিতে ডুবে থাকা এলাকা দেখে এসেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা হয়েছে। তালিকা দেখে তাঁদের সহায়তা করা হবে।’