'কী করুম কনে যামু, গরু ভেড়াসহ এক লগে আছি'
‘কী করুম ভাই। কনে যামু। বানের মধ্যে ছাওয়া, গরু, ভেড়া, হাঁস-মুরগিসহ এক লগেই আছি। স্বামী নৌকা নিয়া রৌমারী গেছে। অহন ফেরে নাই।’ এসব কথা বলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বন্যাকবলিত ফকিরের চরের গৃহবধূ হাফিজা বেগম (৩০)।
গতকাল শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ঘাট থেকে নৌকায় করে এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চরে গিয়ে দেখা যায়, চারদিকে পানি আর পানি। প্রতিটি বাড়ির চালা পর্যন্ত পানি। অনেক বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। কোনো কোনো বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ লোকজন উঁচু মাচা করে কিংবা কলাগাছের ভেলায় বসবাস করছেন।
একই অবস্থা পাশের দক্ষিণ বালাডোবার চর, খুদির কুটি মশালের চর ও বিন্দুর চরের। ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদীর মিলনস্থলের কাছে এসব চরের অবস্থান। দুই নদীর মিলনস্থলের উত্তর পাশের ফকিরের চরের বাসিন্দা হাফিজা বেগমের বাড়িতে চালা পর্যন্ত পানি। পানির মধ্যে কলাগাছের ভেলার ওপর কোনোরকমে আছেন। তিন দিকে ফাঁকা। হাফিজা বেগম জানান, তাঁর স্বামী সুলতান আলী (৪৫) নৌকার মাঝি। কুড়িগ্রাম মোগলবাসা ঘাটে এক ব্যক্তির নৌকায় কাজ করেন। তিন দিন আগে নৌকা নিয়ে রৌমারী গেছেন। নদের পানি বাড়তে থাকায় এখন তিনি ছেলেকে নিয়ে বিপদে আছেন। পানি বাড়তে বাড়তে চালা পর্যন্ত ওঠায় উপায় না দেখে তিনি কলাগাছের ভেলা বানিয়ে তাতে থাকছেন। সঙ্গে আছে গরু ও ভেড়া। চারটি মুরগি ও দুটি হাঁস পানিতে ভেসে গেছে।
হাফিজা বেগম বলেন, ‘খুব অসুবিধায় আছি ভাই, এই পানিতে গোসল করি, খাই, শৌচ কাজ করি। ঘরে খাবার নাই। সন্ধ্যা লাগনের সাথে সাথে ভয় নাগে। পোকামাকড়ের ভয়।’ তাঁর একমাত্র ছেলে হারুন (১০) বালাডোবা চর স্কুলের ছাত্র। সে বলে, ‘সাপের ভয়ে ঘুম আহে না। পানিত থাকতে মন চায় না। হাতে পায়ে ঘাও হইছে।’ বেলা তিনটার দিকে তাঁর স্বামী সুলতান বাড়িতে আসেন। বাড়ির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় ছেলেকে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘তরা আছোছ এতেই আমি খুশি। এতো কষ্ট কইরা কেমন কইরা আছোছ বাবা।’ এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘নৌকায় দিনমজুরি করি। দেড় শ ট্যাকা পাই। তাই দিয়া সংসার চালাই।’
এ সময় পাশের বাড়ির নুর ইসলাম (৩৪), হাসেম আলী (৪২), জসিম (৩৫), জব্বার (৫৪) ও হাফেজসহ (৫১) অন্তত ২০ জন নৌকা নিয়ে ওই বাড়িতে আসেন। তাঁরা জানান, অনেকে পরিবার-পরিজন নিয়ে দূরে আত্মীয়স্বজনের বাড়ি আশ্রয় নিয়েছেন। যাঁদের সামর্থ্য নাই তাঁরা ঘরে মাচা করে পড়ে আছেন। তাঁরা গত ১৫ দিনে সহায়তা হিসেবে এক কেজি করে চাল পেয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত আর কোনো সহায়তা পাননি। তাঁরা রাতদিন মিলে এক বেলা খেয়ে কোনোরকমে বেঁচে আছেন। খাওয়ার পানি, জ্বালানি, চাল, নুন ও তেলের তীব্র অভাব। শাকসবজি কিছু নেই। ভাত খেতে নুনও পাওয়া যায় না।
এ প্রসঙ্গে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকা মোল্লা বলেন, ‘আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় সবগুলোই ব্রহ্মপুত্র নদের মধ্যে। সবাই ক্ষতিগ্রস্ত। চাহিদা অনুযায়ী ত্রাণ দিতে পারি না। যা পাইছি দিচ্ছি।’