‘কী কষ্টে আছি তা বুঝাব কী এরে’
‘বাবা, আর কনে যাব, নাস্তাঘাট, বাড়ি—সব জাগায় পানি। কী কষ্টে আছি, তা বলে বুঝাব কী এরে। আমাগের খোঁজ কেউ নিল না। আমরা এখন বাঁচে থাকপান কী এরে, তা বুঝতি পারতিছনে।’ বিধ্বস্ত ভিটার ওপর দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন যশোরের কেশবপুরের জলাবদ্ধ মহাদেবপুর গ্রামের আছিয়া বেগম।টানা ১২ দিনের বর্ষণে মহাদেবপুরসহ উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত মানুষ কেউ রাস্তার ধারে, কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে এ পর্যন্ত ১০ টন চাল ও ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।সরেজমিনে মহাদেবপুর গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের প্রতিটি বাড়িতে পানি জমে আছে। টানা ১২ দিনের বৃষ্টিতে গ্রামটির কোথাও শুকনো মাটি নেই। একমাত্র স্কুল থেকে শুরু করে প্রতিটি বাড়িতে পানি থইথই করছে। গ্রামের দিনমজুর আজগর আলী জানান, তাঁর দুটি কাঁচা ঘর পড়ে গেছে। তিনি পরিবারের ছয়জন সদস্য নিয়ে পার্শ্ববর্তী আবদুস সামাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গৃহিণী ফিরোজা জানান, তাঁর তিনটি ঘর পড়ে গেছে। সংসারে চারজন মানুষ। স্বামী সলেমান দিনমজুর। তাঁর পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।একবুক পানির মধ্য দিয়ে খাওয়ার পানি আনতে যাচ্ছিলেন আছলিমা খাতুন। ফুলজান বিবি আধা মাইল দূর থেকে কাঠ সংগ্রহ করেতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘খেতে হলে তো কাঠ দরকার হবে। তাই দূর থেকে হলেও কাঠ সংগ্রহ করছি। চুলা জ্বালানোও আর এক কষ্টের কাজ। এর মধ্যে পানি উঠে যাচ্ছে। পানি সেচে রান্না করছি।’কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির কেশবপুর উপজেলা কমিটির সদস্য আবদুর রাজ্জাক বলেন, অন্যবারের চেয়ে এবারের জলাবদ্ধতার প্রেক্ষাপট ভিন্ন। কপোতাক্ষ নদের তীর দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হয়েছে। তাই বৃষ্টির পানি গ্রামগুলোয় জমে থাকছে। এ পানি বের হওয়ার কোনো পথ নেই। এতে মানুষের দুর্ভোগ এ বছর স্থায়ী রূপ নেবে। তিনি আরও বলেন, পৌষ-মাঘ মাসের দিকে এ পানি সেচে কপোতাক্ষ নদে ফেলতে হবে । এ ছাড়া এর কোনো সমাধান নেই।বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তাঁর ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহাদেবপুরের। এখানে কোনো শুকনো জায়গা না থাকায় আশ্রয়শিবির করা যাচ্ছে না। তাই মানুষ বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে ভেঙে পড়া বাড়িঘরের ওপরেই বসবাস করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, কেশবপুরের বন্যাপরিস্থিতি স্থিতিশীল। নতুন করে পাঁচ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এগুলো বিতরণের ব্যবস্থা করা হবে।