‘কী খবর আছে জনগণ জানতে চায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ১২ মার্চের কর্মসূচি নিয়ে ‘উল্টাপাল্টা করার চেষ্টা করলে খবর আছে’ বলে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অত্যন্ত নিম্নমানের বলে অবিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির কর্মসূচিকে নিয়ে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বক্তব্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘কী খবর আছে তা জনগণ জানতে চায়।’ গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন ‘প্রতিহিংসার রাজনীতি: সংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনার হাতে অনেক গোয়েন্দা সংস্থা আছে। দেশি-বিদেশি যোগাযোগ আছে। নিশ্চয় আপনি আমাদের চেয়ে বেশি খবর জানেন। জনগণ সে খবর জানতে চায়।’ খন্দকার মোশাররফ বলেন, দেশের রাজনৈতিক সংকটের মূলে প্রতিহিংসার রাজনীতি। এ রাজনীতি থেকে বের হতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যাবে না। তিনি দাবি করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগই এই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।খন্দকার মোশাররফ অভিযোগ করেন, আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।