
‘কী নইয়া আইছো।’ নৌকা দেখে কথাগুলো বলেন বৃদ্ধ জয়ফুল বেওয়া (৭০)। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া। তিনি আরও বলেন, ‘দুর্গতি খুব হইয়া গেছে। বানের পানি রাতে ঘর হাইলা গেছে। মাচা কইরা আছি। ঘরে খাবার নাই। খড়ি বিনা চুলা জ্বালাইবার পারি না।’
চরটি ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী স্থানে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার মোগলবাসা ঘাট থেকে নৌকায় এক ঘণ্টা পাড়ি দিয়ে এসে দেখা যায়, পানিতে চরটি ভেসে আছে। চরের চারদিকে পানি আর পানি। বেশ কিছু ঘর হেলে পড়েছে। সেখানেই পরিবারের সদস্যরা মাচা করে বসবাস করছে। বাড়ির উঠানে পানি। চরের চারদিকে কাশিয়া খেত। খেতগুলো দেখলেই বোঝা যায়, কত দূর পানি উঠেছিল। বাড়িঘরে কোথায় পানি উঠেছিল, সেই চিহ্ন ফুটে আছে।
নৌকাটি ইদ্রিস আলীর বাড়ির বাইরে থামতেই চারপাশ থেকে পানি ভেঙে নারী-শিশু-পুরুষেরা ভিড় করে। সবার চেহারা মলিন। এ সময় রাফুছি খাতুন বলেন, ‘ঘর ছাড়া কিছুই নাই। তাও হাইলা পড়ছে। খাবার নাই। কাম নাই। খুব কষ্টে আছি।’ ইদ্রিস আলী বলেন, ‘বানের আগে পূর্ব কাজিয়ার চর থাইকা ঘর নিয়া এইখানে আসি। ঘরের চাল পর্যন্ত পানি ওঠে। এক মাস পানির মধ্যে আছিলাম। এখন আবার ভাঙ্গতাছে।’ রবি চান্দ মণ্ডল বলেন, ‘বন্যার পানিতে এখানকার পাঁচটি ঘর ও শতাধিক হাঁস-মুরগি ভেসে গেছে। ঘরগুলো জয়নাল, সিরাজুল, সেরাজ, আছমত ও মহানন্দের। তাঁরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়া আছেন।’
এখান থেকে নদ পার হয়ে চর মোহাম্মদপুর। সেখানকার ২৫টি বাড়ি ভেঙে গেছে। সেই পরিবারগুলো এক জায়গায় গাদাগাদি করে বসবাস করছে। সেখানেও ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় মেম্বর মসিবর রহমান বলেন, ‘আমার বাড়ি ভেঙেছে। সামান্য জায়গায় সবাই আছি। চারদিকে পানি। কোথায় আশ্রয় নিব।’
কাজিয়ার চরে গিয়ে দেখা যায়, বাড়িঘর পানিতে ভাসছে। লোকজন খুব একটা নেই। ঘোলা পানির স্রোত হুহু করে ঢুকছে। চর গ্রামের পাশে ভারতের আসাম প্রদেশের তুরা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নৌকার শব্দে দিনমজুর মোমেন ব্যাপারী পানি সাঁতরে নৌকার পাশে এসে বলেন, ‘পানি ঘরের টুই পর্যন্ত উঠছিল। এই সমুদ্রের মধ্যে কনে যামু। ঘরে মাচা কইরা সবাই থাকি আছি। রাইতে ভয়ে গুম ধরে না। জাইগা থাকি। দিনে ঘুমাই। হেই জন কাউরে দেখতে পাইতাছেন না।’ মোকসেদ আলী বলেন, ‘পাশেই রৌমারী বন্দরের ইউনিয়নের বলদমারীর চর। হুনছি, কাল বুধবার মন্ত্রী আইবো ত্রাণ দিতে। আমরা এতো কষ্টে আছি, আমাগেরে খোঁজ নিল না।’
স্থানীয় সাংসদ মো. রুহুল আমিন বলেন, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া আজ বুধবার রৌমারীর বলদমারীর চরের তিন শ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
চলতে চলতে মুঠোফোনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফার সঙ্গে কথা হয়, তিনি বলেন, ‘এলাকাটি দুর্গম। সবাই অতি দরিদ্র। বন্যার সময় এক মাসে চিড়া, গুড় ও চাল দেওয়া হয়েছিল। এতে কয় দিন চলে।’