'কী হইব, আল্লাহ জানে'

দেশের ভবিষ্যত্ নিয়ে গভীর অনিশ্চয়তায় সাধারণ মানুষ। নির্বাচনের তফসিল এই মানুষগুলোকে উদ্বেলিত করেনি, করেছে উত্কণ্ঠিত। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর এলাকার বেশ কিছু মানুষ তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন প্রথম আলো ডটকমকে।
বেশির ভাগ মানুষ বলেছেন, তাঁরা একতরফা নির্বাচন চান না, হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচিও সমর্থন করেন না।
হাজি আলী হোসেন বেশ কয়েক বছর ধরে কারওয়ান বাজারে জুতা বিক্রি করেন। তফসিল ঘোষণার পর প্রথম আলো ডটকমের কাছে তাঁর প্রথম প্রতিক্রিয়া, ‘কি হইব, আল্লাহ জানে। আর কেউ কইতে পারত না।’ আকাশের দিকে হাত তুলে তিনি বললেন, ‘সব এখন ওপর অলার হাতে।’
প্রতিদিন এয়ারপোর্ট রোড থেকে বাসে করে কারওয়ান বাজারে আসেন চা বিক্রেতা জমির হোসেন। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘কী আর কমু? একদল মাইনত, আরেক দল মাইনত ন। আসা-যাওয়া দোকানদারি বন্ধ। কর্ম না কইরলে খামু কী, হেই চিন্তা না আমার। সংলাপ হওনের দরকার আছিল।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার যদি অরজিনালি সংলাপের ডাক দিত, তাইলে কিছু হইত।’
ফার্মগেটে কাপড়ের ব্যবসা করেন ইমাম হোসেন। তাঁর সন্তান এ বছর সমাপনী পরীক্ষা দিচ্ছে। দীর্ঘদিন বিদেশে কাজ করে দেশে ফিরেছিলেন থিতু হবেন বলে। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘হাসিনা-খালেদা কেউ দেশপ্রেমিক বলে মনে হয় না। কেউ আমাদের কথা ভাবছেন না। মুখে তাঁরা বলেন যা কিছু সব জনগণের জন্য। তাঁদের একমাত্র উদ্দেশ্য গদিতে যাওয়া।’
আতঙ্কিত, হতাশ সাধারণ মানুষ রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে বীতশ্রদ্ধ। বেশির ভাগ মানুষ বিরোধী দলবিহীন নির্বাচনের একেবারে বিরোধী। কেউ কেউ আবার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। দুই পক্ষেরই একগুঁয়েমি আছে।
ক্ষুদ্র ব্যবসায়ী মনোয়ার উদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘খালেদা জিয়া পাঁচ বছরে কয় দিন সংসদে গেছেন, তাঁর দল কয় দিন গেছে? তিনি তো জনগণের কথা বলবেন বলে ভোট করছিলেন। দাবি-দাওয়া নিয়ে ঘরে বসে থাকলে কী করে চলবে? কথা বললে কী ক্ষতি হতো? লোকজন বরং তাঁর পক্ষে থাকত।’
তবে মিরপুরের রিকশাচালক শাহাদত্ এখনো আশাবাদী। শেষ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে ধারণা করেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে তিনি আর সবার মতো ভোট দেবেন। কিন্তু তার আগ পর্যন্ত আরও অনেকের মতো তিনিও শঙ্কিত।