'কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে'র নাম পরিবর্তন কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অবস্থিত কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসের নাম কোম্পানি আইনের ১১(২) ধারা অনুসারে কেন পরিবর্তন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার এই রুল দেন। চট্টগ্রামের রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস ও কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসের ব্যবস্থাপনা পরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
ঢাকার কুটুমবাড়ি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গাজী খালেদ ইবনে মোহাম্মদ ১৮ ফেব্রুয়ারি রিটটি করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম সাঈদ আহম্মেদ ও এম ইমতিয়াজ ফারুক।
আদেশের বিষয়টি জানিয়ে গতকাল বুধবার আইনজীবী এম সাঈদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, কুটুমবাড়ি লিমিটেড জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টারভুক্ত। রেজিস্ট্রেশনের পর এই কুটুমবাড়িকে কপিরাইট এবং ট্রেডমার্ক করা হয়। পরবর্তীকালে চট্টগ্রামে অবস্থিত কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস নামে আরেকটি কোম্পানি রেজিস্টার করা হয়। এটা কোম্পানি আইনের ১১(২) ধারার লঙ্ঘন। কারণ, একই ধরনের নাম ও উদ্দেশ্য নিয়ে যখন বিভিন্ন কোম্পানি করা হবে, তখন ক্রেতা ও ভোক্তাদের অধিকার খর্ব হবে।