‘কুনুমতে ঠেলেটুলে দিন যার’
‘কুনুমতে ঠেলেটুলে দিন যার। ডেলি যে ইনকাম করি, তা দিয়া কুনুলাখান সংসার চলের।’ কথাগুলো সিলেট নগরের সেনপাড়ার দিনমজুর আহমদ আলীর। বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন দিনমজুরি করে তাঁর গড় আয় ২০০ টাকা। এই আয় দিয়েই চলে তাঁর ছয়জনের সংসার।মায়ের চিকিৎসা, সন্তানদের স্কুলে পাঠানো, বাসাভাড়া থেকে শুরু করে পরিবারের যাবতীয় খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের আহমদ আলী। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় সংসার চালাতে গিয়ে তিনি দিশেহারা। এ অবস্থায় তাঁর স্ত্রী রোকসানা খাতুন মেসে রান্না করার কাজ নিয়েছেন। তার পরও সংসারের অভাব দূর হচ্ছে না।একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শাহীন মিয়া বলেন, ‘দিন দিন দাম যে লাখান বাড়ের, চলাফেরা করাই মুশকিল অই গেছে। আমি যেমন বেশি দামে জিনিস বেচি, তেমনি বেশি দামে কিনতেও অইতাছে।’গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে কথা হয়। তাঁরা সবাই দ্রব্যমূল্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, সরকার দাম কমানোর ব্যাপারে একটু আন্তরিক হলেই মানুষ স্বস্তি ফিরে পাবে।লামাপাড়ার স্কুলশিক্ষক রব মিয়া বলেন, ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, তিন বছর আগেও একই পরিমাণ আয় দিয়ে পুরো মাসের খরচ চালানো গেছে। কিন্তু এখন মাসের অর্ধেকও চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মাসের শেষ দিনগুলো খুব কষ্টে কাটাতে হয়। বাগবাড়ির সমরেশ দাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘তিন মাস হয়েছে পরনের লুঙ্গিটি ছিঁড়ে গেছে। সামান্য টাকা বাঁচানোর আশায় নতুন লুঙ্গি কিনছি না। আগে বিভিন্ন স্থানে রিকশায় গেলেও এখন হেঁটে যাই। সংসারটা কোনোমতে চলছে।’ তিনি বলেন, জিনিসপত্রের দাম সরকার কমাতে পারলে এই ভোগান্তি থেকে মানুষ মুক্তি পেত।আইনজীবী নিজাম উদ্দিন বলেন, রমজান মাস শুরুর আগে প্রতি কেজি আলুর দাম ছিল ১৮ থেকে ২০ টাকা। এখন সেই আলু ২৪ থেকে ২৭ টাকায় কিনতে হচ্ছে। এভাবে প্রতিটি জিনিসেরই দাম বেড়েছে।বন্দরবাজার এলাকার মাছবিক্রেতা লালু মিয়া বলেন, ‘আগে যে মাছ পাইকারি ১০০ টাকা দরে এনে ১৫০ টাকায় বিক্রি করতাম, এখন একই মাছ ২০০ টাকায় এনে ২৬০ টাকা দরে বিক্রি করছি।’ তিনি বলেন, ‘চোখের দেখায় শুধু দাম বাড়ছে, কিন্তু আমাদের লাভ তো ওই একই।’ জিন্দাবাজারের কাপড়ের ব্যবসায়ী রশিদ মিয়া বলেন, ‘ভাই রে, ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত কারও হাতে টাকা-পয়সা নাই। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষজন আগের মতো কেনাকাটা করছে না।’