‘কুমিল্লা আওয়ামী লীগে হাইব্রিড নেতা-কর্মীরা ঢুকে পড়েছেন’
তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ গতকাল শনিবার কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। এ সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের সমালোচনা করে বক্তব্য দেন।এ ছাড়া নেতারা নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী নির্দিষ্ট কিছু বিষয়ে সমাধানের আশ্বাস দেন। সভায় আফজল খান সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে ইঙ্গিত করে বলেন, ‘কুমিল্লা আওয়ামী লীগে হাইব্রিড নেতা-কর্মীরা ঢুকে পড়েছেন। এখানে যাঁরা ক্ষমতা ভোগ করছেন, তাঁরা অতীতে রাজপথে ছিলেন না। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দলে ঢুকে দরপত্র নিয়ন্ত্রণ করছেন। দলীয় নেতা-কর্মীরা কোনো কাজ পাচ্ছেন না।’ তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু সাড়ে পাঁচ মাসের মাথায় তাঁকে বদলি করা হয়েছে।’জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘আফজল খানের বক্তব্যের সঙ্গে আমি একমত। কুমিল্লায় টেন্ডারবাজদের দৌরাত্ম্য বেড়েছে।’মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক জামাল হোসাইন। তিনি বলেন, ‘সারা দেশে জামায়াত-শিবিরসমর্থিত পাঁচজন জেলা প্রশাসক রয়েছেন। তাঁদের বদলি করা হয়নি। অথচ একমাত্র মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক আমাকে বদলি করা হলো।’ জবাবে মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘জেলা প্রশাসকের বদলির বিষয়টি নিয়ে আমি সংস্থাপন সচিবের সঙ্গে কথা বলব।’ সভায় সাংসদ আ ক ম বাহাউদ্দিন উপস্থিত না হওয়ায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ আ ক ম বাহাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মতবিনিময় সভায় যোগ দিতে আমাকে সেভাবে বলা হয়নি। তাই যাইনি। আমার ব্যাপারে কে কী বলেছে, তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক। এর আগে মন্ত্রী সভাস্থলে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস ও ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি জসিম খান। গত ১৯ সেপ্টেম্বর জেলা প্রশাসকের বদলির আদেশ এসেছে। সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল আহসান কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।