'কুমিল্লা মেডিকেলে সংঘর্ষের দায় নেবে না ছাত্রলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার দায়ভার ছাত্রলীগ নেবে না বলে জানিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গত ৪ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয়েছে। ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে’ যারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়। কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজিজ সিহানুক এবং যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সোহেল ওই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। নূর মোহাম্মদ সোহেল এ বিষয়ে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। সব দায়দায়িত্ব যারা ঝামেলা করেছে তাদের নিজেদের।
এ প্রসঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাদমান বিন মাহমুদের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।