'কুমিল্লা' নামে বিভাগ প্রতিষ্ঠার দাবিতে চান্দিনা ও বুড়িচংয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং ও চান্দিনা উপজেলায় ‘কুমিল্লা’ নামে বিভাগ প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। দুই উপজেলার লোকজনই ‘ময়নামতি নয়, কুমিল্লা নামে বিভাগ চাই’ দাবিসংবলিত ব্যানার প্রদর্শন করেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, বেলা তিনটায় বুড়িচং উপজেলার এম এ গণি সড়কের বসুন্ধরা চত্বরে বুড়িচং প্রেসক্লাব ও বুড়িচং উপজেলা সচেতন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়। এতে বক্তৃতা করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মো. মোসলেহ উদ্দিন, কবি ও লেখক কাজী খোরশেদ আলম, সাংবাদিক শাহিদুজ্জামান রাশেদ, কবি আক্কাস আল মাহমুদ ও সাংবাদিক মো. জহিরুল হক।
বেলা সাড়ে তিনটায় ‘আর কোনো দাবি নাই, কুমিল্লা নামে বিভাগ চাই’ স্লোগান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্টেশনে মানববন্ধন করে কুমিল্লা উত্তর জেলা যুবসমাজ।
মানববন্ধনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ সরকার, সদস্য লিটন সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী ও সাংবাদিক রণবীর ঘোষ।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা নামেই বিভাগ করতে হবে। কোনো ইউনিয়নের নামে বিভাগ করা যাবে না।
১৪ ফেব্রুয়ারি সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমকে কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ করার তথ্য দেন। ওই ঘোষণা দেওয়ার পর কুমিল্লায় রাজপথে নামেন প্রতিবাদী জনতা। তাঁরা পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।