'কুমিল্লা' নামেই বিভাগ করার দাবি
‘ময়নামতি’ নয়, ‘কুমিল্লা’ নামেই বিভাগ করার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হলের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির ব্যানারে ওই মানববন্ধন হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পরবর্তীকালে সভা শেষে পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমকে ওই তথ্য জানান।
একনেকের ওই সভায় আরও বলা হয়, এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ হবে না। ওই ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। কুমিল্লাসহ পুরো দেশ ও বিদেশে থাকা এই অঞ্চলের মানুষ এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন।
ময়নামতি নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুমিল্লা টাউন হলের সামনে গতকাল বিকেল পাঁচটার দিকে আয়োজিত ওই মানববন্ধনে কুমিল্লা বিভাগ আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত জ্যেষ্ঠ নাগরিক, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তৃতা করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আবিদুর রহমান, বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা গণদাবি পরিষদের সদস্যসচিব অশোক বড়ুয়া, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সৃষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী এনামুল হক, মহানগর যুবলীগ নেতা হাবিবুর আলামিন, কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির আহ্বায়ক জোনায়েদ শিকদার, কোতোয়ালি থানা সমবায় সমিতি লিমিটেডের সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা কুমিল্লা জেলার নামেই বিভাগের নামকরণ করার দাবি জানান। এ ছাড়া তাঁরা ওই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
সভায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে কুমিল্লা বিভাগ আন্দোলন হচ্ছে। কুমিল্লা ইতিহাস ও ঐতিহ্যের শহর। সারা বিশ্বে কুমিল্লার নাম ছড়িয়ে আছে। এ নামেই বিভাগ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাবাসীর মনের ভাব বুঝতে পেরে নিশ্চয়ই ওই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন। আমরা কুমিল্লা নামেই বিভাগ চাই, ময়নামতি নামে নয়।’
২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপর কুমিল্লা বিভাগ করার বিষয়টি বিভিন্ন পর্যায়ে উত্থাপন করা হয়। ওই বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না, এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশনা দেন। তারপর এ নিয়ে মাঠপর্যায়ে জরিপ করা হয়। একই সঙ্গে দুটি জায়গাও বিভাগীয় কার্যালয় করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পৌঁছানো হয়।
এ বিষয়ে কথা বলার জন্য পরিকল্পনামন্ত্রীর মুঠোফোনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।