'কুয়াকাটা বিচ কার্নিভ্যাল' ১৪ জানুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে বাংলাদেশ টুরিজম বোর্ড প্রথমবারের মতো আয়োজন করেছে ‘কুয়াকাটা বিচ কার্নিভ্যাল’। ১৪-১৬ জানুয়ারি এ উৎসব অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসবের উদ্বোধন করবেন। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।

তিন দিনব্যাপী এ উৎসবে বেসক্যাম্পে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বেসক্যাম্পের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টায় ঢাকার জিরো পয়েন্ট থেকে ‘কুয়াকাটা বিচ কার্নিভাল’-এর উদ্দেশে পাঁচজন সাইক্লিস্ট যাত্রা শুরু করেছে। সাইক্লিস্ট শাহজালাল নোমানের নেতৃত্বে মো. জিয়াউল ইসলাম, মো. আদনান হোসেইন, মো. গোলাম রহমান ও মো. মাহাদি হাসান এই যাত্রায় অংশ নেন।

সাইক্লিস্টদের যাত্রার প্রারম্ভে তাঁদের হাতে ফেস্টিভ্যাল ও বেসক্যাম্পের পতাকা তুলে দেন বেসক্যাম্প বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক। এ সময় বেসক্যাম্পের পরিচালক এস এম মোবাশ্বের হুসেইন ও তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

১৪ জানুয়ারি উৎসবের উদ্বোধনের মুহূর্তে সাইক্লিস্টরা উৎসবস্থলে পৌঁছাবেন। কুয়াকাটা সমুদ্রসৈকতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবং ‘কুয়াকাটা বিচ কার্নিভ্যাল’-এর প্রচার-প্রচারণার জন্য বেসক্যাম্পের সাইক্লিস্টরা বিভিন্ন জায়গায় অবস্থান করে স্থানীয় মানুষদের সঙ্গে কুয়াকাটা, ‘কুয়াকাটা বিচ কার্নিভ্যাল’ ও বাংলাদেশের অ্যাডভেঞ্চার টুরিজম নিয়ে কথা বলবেন।