‘কুয়াকাটায় প্লট কেনাবেচার অনুমতি নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় আবাসনপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে প্লট বিক্রি করে আসছে। এসব প্লট কিনে মানুষ যেন প্রতারিত না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তিসংবলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। গত রোববার কলাপাড়া উপজেলা প্রশাসন ‘কুয়াকাটায় হাউজিং কোম্পানির (আবাসন প্রতিষ্ঠান) বাণিজ্যিকভাবে কোনো প্লট ক্রয় বা বিক্রয় করার সরকারি অনুমতি নেই’ বলে বিভিন্ন এলাকায় সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন, আবাসন ব্যবসার নামে কৃষিজমিতে হাউজিং ব্যবসার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কোনো প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি। এ সংক্রান্ত কোনো বিজ্ঞাপন প্রচার করা প্রতারণার শামিল বলে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।নাম প্রকাশ না করার শর্তে কুয়াকাটায় একটি আবাসনপ্রতিষ্ঠানের কাছ থেকে প্লট ক্রয়কারী বলেন, ‘আমরা কুয়াকাটায় পর্যটন এলাকার সম্ভাবনার কথা চিন্তা করে আবাসন কোম্পানির কাছ থেকে প্লট কিনেছি। তখন আবাসনের কোনো প্লট নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে—তা আমাদের কোনো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। এখন সেখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরকারের অনুমোদন ছাড়া কীভাবে তারা প্লট বিক্রি করছে?’ কুয়াকাটা উন্নয়ন ফোরামের সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন আবাসনপ্রতিষ্ঠান কুয়াকাটায় জমি বেচাকেনা শুরু করেছে। ইতিমধ্যে জমি বিক্রি ও প্লট ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন অনেকে। অপর দিকে অপরিকল্পিতভাবে এসব প্রতিষ্ঠান গজিয়ে ওঠায় বিঘ্নিত হচ্ছে কুয়াকাটার উন্নয়ন। কুয়াকাটাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আরও আগে এ ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা উচিত ছিল।’ কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল আউয়াল জানান, কুয়াকাটায় আবাসনপ্রতিষ্ঠানগুলোর জমি বেচাকেনার কোনো অনুমতি নেই। এর সঙ্গে জড়িয়ে যাতে কেউ হয়রানি না হন, সে জন্য সতর্কীকরণ এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ১৯৯৮ সালে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণার পর আবাসনপ্রতিষ্ঠানগুলোর নজর পরে কুয়াকাটার ওপর। তখন থেকে বাড়তে থাকে কুয়াকাটার জমির দাম ও ভূমি দালাল চক্রের দৌরাত্ম্য। তাদের সহযোগিতায় আবাসনপ্রতিষ্ঠানগুলো পর্যটন এলাকা ছাড়াও তার আশপাশের কয়েক হাজার একর কৃষি ও অকৃষি জমি নামমাত্র মূল্যে কিনে নেয়। লোভনীয় বিজ্ঞাপন ও প্রচারণায় আকৃষ্ট হয়ে একখণ্ড জমির মালিক হতে অনেকে প্লট কিনছেন। আবার কেউ কেউ আগাম বুকিং দিচ্ছেন। এ ব্যাপারে গত বছরের ২৫ জুন প্রথম আলোতে ‘কুয়াকাটায় খাস জমি দখল করে আবাসন প্রকল্প’, চলতি বছরের ১৯ জানুয়ারি ‘অননুমোদিত আবাসনের কার্যক্রম বন্ধের নির্দেশ’ শিরোনামে একাধিক প্রতিবেদন প্রকাশিত।