'কূলহারা' কুলচাষি
কুল উৎপাদনের প্রসিদ্ধ এলাকা পাবনার ঈশ্বরদী উপজেলার কুলচাষিরা এখন কূল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। টানা অবরোধ-হরতালের কারণে কুল বিক্রি না হওয়ায় বাগানে নষ্ট হয়ে গাছ থেকে ঝরে পড়ছে সেগুলো।
এদিকে বিক্রি না হওয়ায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কুলচাষি সিদ্দিকুর রহমান মনের দুঃখে গতকাল বৃহস্পতিবার সকালে পাশের বরইচরা গ্রামে শেখ মেহেরুল্লাহ বিদ্যালয়ের ৩৫০ শিক্ষার্থী এবং ৪০০ গরিব মানুষের মধ্যে তাঁর বাগানের কুল বিলিয়ে দিয়েছেন।
সিদ্দিকুর রহমান জানান, তিনি এবার ৩০ বিঘা জমিতে কুল চাষ করেছেন। এতে তাঁর মোট খরচ হয়েছে ১৫ লাখ টাকা। অবরোধ ও হরতালের কারণে গাড়ি ঈশ্বরদীর বাইরে যেতে চায় না। গেলেও দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে তাঁদের। তা ছাড়া কুলের দামও কমে গেছে। অপরদিকে ঢাকাসহ বিভিন্ন জেলা শহরের ফুটপাতে হকাররাই এসব কুল বিক্রি করে থাকেন। কিন্তু বোমা হামলার আশঙ্কায় হকাররা ফুটপাতে বসতে পারছেন না। তাই সেখানে কুলও বিক্রি হচ্ছে না। এ কারণে কৃষকেরা গাছ থেকে কুল পাড়ছেন না। এ অবস্থায় গাছেই কুল পেকে নষ্ট হয়ে ঝরে পড়ছে। তিনি জানান, মৌসুমের শুরুতে ৬০ টাকা কেজি দরে কুল বিক্রি হয়েছে। অথচ গতকাল ঈশ্বরদীতে সেই কুল বিক্রি হয়েছে মাত্র ছয় টাকা দরে।
আট-দশজন কুলচাষির সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরদীতে এবার বাগানে বাগানে প্রচুর কুল উৎপাদিত হয়েছে। এখানকার কুল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নেত্রকোনাসহ দেশের ১২টি জেলায় বিক্রি হয়। প্রতি মৌসুমে অসংখ্য পাইকারি ব্যবসায়ী কুল কেনার জন্য ঈশ্বরদীতে আসেন। কিন্তু অবরোধ ও হরতালের কবলে পড়ায় অন্য জেলা থেকে ব্যবসায়ীরা আসতে পারছেন না। কুল উৎপাদন মৌসুমের শুরু থেকেই অবরোধ-হরতাল শুরু হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। কৃষকেরা বাধ্য হয়ে স্থানীয় বাজারে পানির দামে বিক্রি করছেন কুল।
চাষিরা জানান, তাঁরা কুল চাষের জন্য বেসরকারি সংস্থা (এনজিও) এবং বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু কুল বিক্রি না হওয়ায় সেই ঋণের টাকা ও সুদ পরিশোধ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে কুল বিক্রি করে শ্রমিকের হাজিরার টাকাও জোগাড় হচ্ছে না।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম জানান, প্রতিবছর এই উপজেলায় কুলের আবাদ বাড়ছে। ঈশ্বরদীতে আপেল, বাউ ও থাই কুলের বাণিজ্যিক আবাদ হচ্ছে।