'কৃষককেও দেখতে হবে, গরিবকেও বাঁচাতে হবে'
ভাদ্র, আশ্বিন, কার্তিক, ফাল্গুন ও চৈত্র—এই পাঁচ মাসে দেশের ৫০ লাখ মানুষ ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ভাদ্র, আশ্বিন, কার্তিক অর্থাৎ যে সময়টায় একটু টান থাকে আর ফাল্গুন-চৈত্র মাসে বোরো ধান ওঠার আগ পর্যন্ত ১০ টাকা দরে চাল দেওয়া হবে। বাকি সাত মাস এ দরে চাল দিলে ধানের দাম উঠবে না। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। কৃষককেও দেখতে হবে, গরিবকেও বাঁচাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদুল আজহা উপলক্ষে গরিব–দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘১০ টাকা বর্তমানে কোনো টাকা না। দুই কাপ চা খেতেই শেষ হয়। এটা বলতে গেলে নামমাত্র মূল্যে দেওয়া হচ্ছে।’ মন্ত্রী বলেন, ‘খাদ্যে আমরা এখন স্বয়ংসম্পন্ন। এমনকি শ্রীলঙ্কায় চাল রপ্তানি করা হচ্ছে। নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের আমরা সাহায্য করেছি।’
দিনব্যাপী উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৮ হাজার ৩৩৮ জন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারকে ৫১ হাজার, চারটি কলেজে ২ লাখ ১৬ হাজার ও দুইটি বিদ্যালয়ে ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।