বোরোখেতে সেচ দিতে ঘণ্টাপ্রতি বেশি দাম চাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত গ্রামের কৃষক আতোয়ার মিয়া (৪৫) বললেন, ‘ভাইরে, এবার বোরো খ্যাতোত পানি দিবার যায়া শেষ হয়া যামো। এই তিন-চার দিন আগোত পানি কিনছি এক ঘণ্টায় ৯০ টাকা। তা আইজ (গত বুধবার) কেনা লাগিল ১২০ টাকা দিয়া। কৃষকির খরচ খালি বাড়ে আর বাড়ে। এমন করি চললে কৃষকগুলা হামরা কেমন করি বাঁচমো বাহে।’গঙ্গাচড়া উপজেলার কিশামত হাবু গ্রামের শিক্ষক কমলকান্তের বিদ্যুৎচালিত একটি সেচযন্ত্র রয়েছে। তিনি বলেন, বিদ্যুতের দাম বেড়েছে বলেই ঘণ্টাপ্রতি সেচ ১০ টাকা বাড়ানো হয়েছে।কৃষকদের সঙ্গে সেচযন্ত্রের মালিকদের তর্কবিতর্ক ও ঝগড়া-বিবাদ লেগেই আছে। বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের সঙ্গে গাড়ির লোকদেরও উচ্চবাচ্য বাক্যবিনিময় চলছেই। বাস কাউন্টারের সামনে মোটর মালিক সমিতির পক্ষ থেকে নতুন বাস ভাড়ার তালিকা টানানো হয়েছে।বুড়িরহাট বাজারের খুচরা তেল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এই তেলের ব্যবসা মনে হয় ছাড়ি দেওয়া লাগবে। এই কয় দিনে তেল বেচপার যায়া মানুষের সাথে খালি ঝগড়া-বিবাদ বাধে। গ্রামের লোকজন জানেই না যে এই কয় দিনের মধ্যে তিনবার তেলের দাম সরকার বাড়াইছে। এক লিটার ডিজেল ৬৪ টাকাত বিক্রি করিয়া কয় টাকা আর লাভ হয়।’শহরের মেডিকেল মোড়ে গত বুধবার নীলফামারী জেলার জলঢাকা উপজেলা যাওয়ার পথে খোদেজা বেগম (৪০) নামের এক নারী বলেন, গত চার দিন আগে পরিবার-পরিজন নিয়ে জলঢাকা থেকে রংপুর আসি। তখন বাসভাড়া দিয়েছি ৪৮ টাকা। কিন্তু আজকে (বুধবার) দিতে হচ্ছে ৬০ টাকা। শিক্ষার্থী রবিউল বলেন, সৈয়দপুর থেকে প্রায় দিনই যাওয়া-আসা করছি ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া দিয়ে। কিন্তু আজ (গত বুধবার) এই ভাড়া দিতে হলো ৫৪ টাকা।শহরের সুপার মার্কেটে কসমেটিকসের দোকানে গৃহিণী পারভিন আক্তার বলেন, ‘এই তো কয়েক দিন আগে মুখে মাখা যে ক্রিম কিনেছি ১০০ টাকায়, সেই ক্রিম আজ (গত বুধবার) কিনতে হচ্ছে ১২০ টাকায়। সুপার মার্কেটের এক দোকানের মালিক হারুন-অর রশিদ বলেন, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। কেননা এসব মালামাল ঢাকা থেকে পরিবহনে আনতে হয়। আর পরিবহন ভাড়া বেড়ে গেছে।শহরের মাহীগঞ্জে জেলার সবচেয়ে বড় চালের আড়ত। এখানকার এক চাল ব্যবসায়ী আতোয়ার মিয়া বলেন, বাজারে চালের দাম বাড়েনি। কিন্তু গ্রামের হাট থেকে ধান কিনে আনতে ট্রাকপ্রতি স্থানভেদে ভাড়া বেড়েছে গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা, যা বস্তাপ্রতি খরচ পড়ে ২০ থেকে ২৫ টাকা। চাল বিক্রি করে এই কয়েক দিনে তেমন কোনো লাভ হয়নি। কেননা চালের দাম বাড়ানো হলে প্রশাসনের লোকজনকে জবাবদিহি করতে হয়।শহরের কামালকাছনার ব্যবসায়ী আলী আকবর গত বুধবার ৪৩৬ টাকায় এক বস্তা সিমেন্ট কিনেছেন। গত সোমবার এই সিমেন্ট ছিল ৪১৬ টাকা।শহরের সিওবাজার এলাকার সিমেন্ট ব্যবসায়ী মাসুম মিয়া বলেন, গত এক সপ্তাহের মধ্যে প্রতি বস্তা সিমেন্টের দাম বেড়েছে ২০ টাকা। এর প্রধান কারণ হলো দফায় দফায় তেলের দাম বাড়ানো। পণ্য পরিবহনের সঙ্গে তেলের একটা বড় সম্পর্ক রয়েছে।কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী দীলিপ রায় বলেন, ৫০০ টাকার মেসের ভাড়া একধাপে ৬০০ টাকা করা হয়েছে। এ ছাড়া পড়াশোনার বইখাতাসহ সব উপকরণের দামও বেড়েছে।কলেজপাড়ার মেসমালিক আবদার হোসেন বলেন, বিদ্যুতের দাম বেড়েছে। নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। এ কারণে ঘরভাড়া বেড়েছে।তেল-গ্যাস রক্ষা কমিটি, রংপুরের আহ্বায়ক সৈয়দ মামুনুর রহমান বলেন, প্রবৃদ্ধি বাড়েনি। নিম্ন আয়ের মানুষের আয় বাড়েনি। তেলের দাম বাড়ানোর কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। পরিবহন ও কৃষি খাতে ব্যাপক প্রভাব পড়েছে। নিম্ন আয়ের মানুষ হলে কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাবে।