‘কৃষিবিজ্ঞানীদের লবণসহিষ্ণু জাতের ধান, সবজি উদ্ভাবন করতে হবে’
‘বিশ্ববাজারে গমের দাম বাড়ার কারণে এর প্রভাব ধানের ওপরও পড়েছে। তবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই প্রভাব আর থাকবে না। ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের দেশের কৃষিবিজ্ঞানীদের লবণসহিষ্ণু জাতের ধান ও সবজি উদ্ভাবন করতে হবে।’গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ‘বাংলাদেশের খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ শীর্ষক এই সেমিনার হয়।বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সাংসদ এম আমানউল্লাহ ও ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক মো. শাহি আলম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য এম এ সাত্তার মণ্ডল।প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে মধ্য আয়ের দেশ বানানোর যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সরকার সেই লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। বর্তমান প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়াও সেই স্বপ্নের অংশবিশেষ। আর এই লক্ষ্য পূরণে দেশের কৃষি বিশেষজ্ঞদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ধারা অপরিবর্তিত থাকলে আগামী শতকে দেশের উপকূলীয় অঞ্চলসমূহের অনেকাংশই সমুদ্রের পানিতে ডুবে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর কারণে আগামী শতাব্দীতে দেশ বড় ধরনের খাদ্য-সংকটে পড়তে পারে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. আবদুর রহমান সরকার। কারিগরি অধিবেশনে আরও দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক মো. আলী আকবর ও সহকারী পরিচালক অধ্যাপক লুৎফুল হাসান।