‘কে আসল, কে নকল!’
জেলা বিএনপির সাংগঠনিক সমন্বয় সভায় কিশোরগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবু তাহের মিয়াকে দলসমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ঘোষণা দেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী। এর আগে ২৬ ডিসেম্বর কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের উপস্থিতিতে বিএনপির নেতা মাজহারুল ইসলামকে দলসমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান।চার দিনের ব্যবধানে জেলা বিএনপির বড় দুটি অংশ দুই প্রার্থীকে সমর্থন দেওয়ায় এবং গত শনিবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা বিভ্রান্তিতে পড়েছেন। প্রকৃত দলীয় প্রার্থী কে, তা সাধারণ নেতা-কর্মীরা বুঝতে পারছেন না।৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সমর্থক মো. আফজাল বলেন, ‘কিশোরগঞ্জ পৌর নির্বাচনে দলীয় প্রার্থী কে আসল, কে নকল, তা বুঝতে পারছি না। এতে আমরা বিভ্রান্তিতে পড়েছি। কারও পক্ষে কাজ করছি না।’ওয়ালী উল্লাহ রাব্বানী বলেন, গত ২০ ডিসেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে দুবার নির্বাচিত বর্তমান মেয়র মো. আবু তাহের মিয়াকে দলীয় সমর্থন দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে।জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান জানান, পৌর নির্বাচনে ঢাকা বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বিএনপির নেতা আ স ম হান্নান শাহের নির্দেশে কিশোরগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে মো. মাজহারুল ইসলামকে সমর্থন দেওয়া হয়েছে।