‘কে কথা বলল, কে বলল না এসব ভাবার সময় কই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নার্গিস বিপুল ভোট পেয়ে ভৈরব পৌর পরিষদে আসেন ঠিক আছে। সমস্যা হলো এসেই একের পর এক সর্বনাশ ঘটাতে থাকেন। এক দিনের জন্য পরিষদের কর্মরতদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেননি। কোনোভাবেই নার্গিস থেকে নিজেদের নিরাপদ রাখা যাচ্ছিল না। আজ আমরা সম্মিলিতভাবে উপায় বের করেছি। তা হলো, নার্গিসের সঙ্গে আজ থেকে পুরো পরিষদের আড়ি চলবে। কথা বন্ধ, সমাজ বন্ধ, চলা বন্ধ।’কাউন্সিলর মতি মিয়ার ওপর নারী কাউন্সিলর নার্গিস বেগমের সন্ত্রাসী হামলার ঘটনায় পরিষদ তাঁকে সামাজিকভাবে বয়কটের পর প্রথম আলোকে এমন প্রতিক্রিয়া জানান পৌর মেয়র মো. শাহিন। গতকাল সোমবার সকালে পৌর পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় মেয়রসহ সব কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তবে পৌর পরিষদের ‘আড়ি’ সিদ্ধান্তে মোটেও বিচলিত নন অভিযুক্ত নার্গিস বেগম। পুলিশি গ্রেপ্তার এড়াতে গতকাল সকাল থেকে নিজেকে আড়াল করে রেখেছেন তিনি। মুঠোফোনে যোগাযোগ করার পর প্রথম আলোকে বলেন, ‘মতি মুখ দিয়ে বকেছে, আমি হাত দিয়ে মেরেছি। অন্যায় দুজনের। এই অপরাধে গুটি কয়েকজন আমার সঙ্গে সমাজ রাখল কী রাখল না, তাতে নার্গিসের কিছু যায় আসে না। তাদের মনে রাখতে হবে, নার্গিস নয় হাজার ভোট পেয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ভোট বেশি পৌনে ছয় হাজার। ভৈরবের ভিআইপিরা যে ওয়ার্ডে বাস করে নার্গিস ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি। ভিআইপিদের সঙ্গে নিয়ে আগামীতে আমি মেয়রের চেয়ারে বসবই বসব। সুতরাং কে কথা বলল, কে বলল না—এসব ভাবার সময় কই?’এর আগে সকালে ভৈরব পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল থেকে নার্গিস বেগমের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। সভায় বক্তব্য দেন: মেয়র মো. শাহিন, প্যানেল মেয়র আরিফুর ইসলাম, কাউন্সিলর হারুন উর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি উমর ফারুক, সহসভাপতি আতিক আহমেদ সৌরভ, সাধারণ সম্পাদক অরুণ আল আজাদ প্রমুখ। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয় ১২ নম্বর ওয়ার্ডের কালীপুর মাদ্রাসা মাঠে। ওই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন: কাউন্সিলর আশরাফ আলী, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক সফিক মোল্লা প্রমুখ।দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগ স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা করে। উপজেলা যুবলীগের সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে নার্গিসকে গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়।এদিকে কাউন্সিলর মতি মিয়ার ওপর হামলার ঘটনায় গতকাল সকালে মতি মিয়া বাদী হয়ে নার্গিস বেগমকে প্রধান অভিযুক্ত করে মামলা করেন। মামলায় আরও চারজনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ নার্গিস বেগমের প্রতিবেশী পৌর শহর ভৈরবপুরের আশিক মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, ‘এরই মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি আশিক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নার্গিস বেগমকে গ্রেপ্তারের জন্য আমাদের বিশেষ অভিযান চলছে।’একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে মতবিরোধের সূত্র ধরে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের জনপ্রতিনিধি নার্গিস বেগম গত রোববার দুপুরে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতি মিয়ার ওপর চড়াও হন।