‘মরার আগে যদি পোলার বিচার দেখবার পারতাম, তাইলে মইরা গিয়াও কবরে শান্তি পাইতাম। অহন আর কেউ আমগো খবর লয় না। আমার পোলা সানজু হত্যার বিচার কি অইবো? সরকারের কাছে একটা আবদার, তারা যেন আমার পোলার হত্যাকারীদের বিচার করে।’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মো. নাসির। গত বছর পবিত্র আশুরার আগের রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলায় নিহত হয় তাঁর ছেলে স্কুলছাত্র সাজ্জাদ হোসেন সানজু। ওই হামলায় সাজ্জাদ ছাড়া আরও একজন নিহত ও শতাধিক লোক আহত হন। কেরানীগঞ্জের খোলামুড়া চৌরাস্তার পাশে হাসেম মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন মো. নাসির। গত সোমবার বিকেলে তাঁদের বাসায় গিয়ে দেখা যায়, সাজ্জাদের মা রাশেদা বেগম ঘরের কোণে বসে ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছেন। পাশে সাজ্জাদের বাবাও অশ্রুসিক্ত।
অনেকটা ক্ষোভের সঙ্গে মো. নাসির বলেন, বুধবার (আজ) পবিত্র আশুরা। তাঁর ছেলের মৃত্যুর এক বছর পূর্ণ হবে। কিন্তু এই এক বছরে কেউই তাঁদের খবর নেয়নি। তাঁরা কেমন আছেন জানার প্রয়োজন মনে করল না কেউ। তিনি বলেন, ‘যহন পোলার কথা মনে হয় তহন পোলার ছবি দেখি। সব সময় পোলার ছবি পকেটে লইয়া কামে যাই। সানজুর ছবি দেখি মনে শান্তি পাই।’
সাজ্জাদের মা আয়শা বেগম বলেন, ‘বড় আশা ছিল পোলা লেখাপড়া কইরা বড় চাকরি পায়া আমগো কষ্ট দূর করব। অহন আমগো কে দেখব কে খাওয়াইবো?’
ওই হামলায় সাজ্জাদের বড় ভাই মো. রাশেদের স্ত্রী সুমি বেগম, মেয়ে স্নেহা (১১), ছেলে শিহাব (৫) ও শাশুড়ি আয়শা বেগমও (৪৮) আহত হন। রাশেদ জানান, তাঁর স্ত্রী ও মেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। সুমি বেগমের পায়ে এখনো স্প্লিন্টার রয়েছে। টাকার অভাবে স্প্লিন্টার বের করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি যে বেতন পাই তাতে সংসারই চলে না। চিকিৎসা করব কী দিয়ে?’
বোমা হামলার ঘটনায় সাজ্জাদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা না হলেও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। তদন্ত শেষ করে গত এপ্রিলে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে। কিন্তু ছয় মাসেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগপত্রের অনুমোদন মেলেনি।
কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সাজ্জাদ।