'কেউ আমাগরে খবর লয় না'

‘বাড়িঘরে পানি। এক পাশে নদ, আরেক পাশে নদী। মাঝখানে একটু জায়গা জাইগা আছে। রাস্তা আছিল। ভাইঙ্গা শ্যাষ। এইখানে পরিবার নইয়া, গরু বাছুরের নগে, গাদাগাদি কইরা পইড়া আছি। এইটুকু ভাঙলে কনে যামু জানি না।’ কথাগুলো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বন্যাকবলিত কাটগিরাই চরের হারেজ উদ্দিনের।
কালীগঞ্জ ইউনিয়নের কাটগিরাই চরের ওই স্থানটির পূর্বে গঙ্গাধর ও পশ্চিমে দুধকুমার নদ। গত শুক্রবার নৌকায় করে কাটগিরাই চরে গিয়ে দেখা যায়, চারপাশে পানি। মাঝখানে সামান্য একটু জায়গা। সেখানে ২৫টি পরিবারের লোকজন ও গবাদিপশু আশ্রয় নিয়েছে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পলিথিন টানানো হয়েছে। পলিথিনের নিচে এক পাশে গবাদিপশু, অন্য পাশে মানুষ।
নৌকা থামতেই লোকজন ছুটে আসে। ফজর আলী বলেন, ‘১০ দিন আগে বাড়িতে পানি উঠছে। বাধ্য হইয়া পোলাপান নইয়া এই হানে আছি। কেউ আমাগরে খবর লয় না। চেয়ারম্যান-মেম্বারা আহে নাই।’
আয়নাল হোসেন বলেন, ‘এই হানের সবাই দিনমজুর। বিদেশ খাটে (দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে), মাছ ধরে, কামলা দেয়। বন্যার আগে বোরো ধান কাইটা কামাই কইরা আনছিলাম। সব শ্যাষ। পরিবার থুইয়া কামে যাইতে পারি না। ত্রাণও দেয় না।’
কাটগিরাই চরে তিন শতাধিক পরিবার বসবাস করে। প্রায় সব বসতবাড়িতে পানি উঠেছে। গত দুই দিন পানি কমতে শুরু করেছে। চর কাটগিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পাশেই চর কাটগিরাই নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা। সেখানেও পানি ঢুকেছে। মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাজাহান আলী বলেন, চরটি আগে পূর্ব দিকে ছিল। স্কুল-মাদ্রাসা, বাজার ও বসতি সেখানে ছিল। দুই বছর আগে ভাঙতে শুরু করে। এরপর এখানে এসে সবাই বসতি গড়ে তোলে।
পাশেই নুনখাওয়া ইউনিয়নের চর কাফনা, পাটতলা, কালিকাপুর, ফকীরের চর ও মাঝের চর। ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর ও সংকোশ নদের অববাহিকার এসব চরে গিয়ে দেখা যায়, প্রতিটিতে পানি ঢুকেছে।
মাঝের চরের বাসিন্দা ইমান আলী ও লেবু মিয়া নৌকা নিয়ে গরুর ঘাসের খোঁজে বেরিয়েছেন। তাঁরা বলেন, ‘আমরা তো কোনো রকমে বাঁচুম। গরু, ছাগল ভেড়া ঘাস না পাইলে কেমনে বাঁচব? তাই কাশিয়া খুঁইজা বেড়াইতাছি।’
কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছালাম বলেন, ‘আমি কী করুম? আমার ওয়ার্ডে ১২০০ খানা। পাইলাম ৭০ পরিবারের জন্য ত্রাণ। কারে ছাইড়া কারে দেই।’ কালিগঞ্জ ইউপির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘পানি কমছে ধীরে। আমার ইউনিয়নে পাঁচটি ওয়ার্ডে পানি উঠেছে। দেড় হাজার পরিবার পানিবন্দী। ত্রাণ পেয়েছি ২০০ পরিবারের। সব জায়গায় যেতে পারি নাই।’
নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুল হোসাইন বলেন, তাঁর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৮টির মানুষ পানিবন্দী। সাড়ে তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। ত্রাণ দিতে পেরেছি এক হাজারজনকে।
জেলা ত্রাণ অফিস সূত্র জানায়, বন্যায় প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকা তলিয়ে গেছে। ৪২টি ইউনিয়নের সাড়ে ৫০০ গ্রামে আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দী। শুক্রবার পর্যন্ত ৪০০ টন চাল, ১১ লাখ ৫০ হাজার টাকা, শুকনো খাবার ৪ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি দেখতে আজ রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী কুড়িগ্রামে আসছেন।