‘আমার ছোট ভাই তৌকিরের দাফনের পর কেউ আমাদের খোঁজখবর নেয়নি। দলীয় কোনো সহযোগিতা পাচ্ছি না। সবার মধ্যে রয়েছে রহস্যজনক নীরবতা। কেউ কেউ এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। কোথায়, কীভাবে মামলা দায়ের করে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাইব, তা নিয়ে কেউ পরামর্শ দিচ্ছে না।’
এভাবেই আক্ষেপ করলেন চট্টগ্রামের লোহাগাড়ার নিহত ছাত্রলীগ নেতা তৌকির ইসলামের বড় ভাই মো. আলমগীর।
তৌকিরের মা আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলেটা কী এমন অপরাধ করেছে যে তাঁকে মেরে ফেলতে হবে। তিন দিন পার হয়ে গেলেও দাফনের দিন ছাড়া কেউ আমাদের খবর নেয়নি।’ তিনি আরও জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গতকাল বুধবার বেলা দুইটায় তৌকিরের বাড়িতে গিয়ে এ অভিযোগ পাওয়া যায়। পরিবারের লোকজন বলেন, নেতা-কর্মীদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তৌকির হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করবে। আসামিদের আড়াল করবে।
এ ব্যাপারে সম্প্রতি বিলুপ্ত দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সাকিব জানান, দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অধিকার এখন আমাদের নেই। তবে এটা নিছক দুর্ঘটনা। এমনকি সাতকানিয়া ছাত্রলীগের সদস্যরা ওই দিন তৌকির যে মারা গেছে, তা জানে না।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি (একাংশ) মো. রিদওয়ানুল হক জানান, নিহত তৌকিরের সঙ্গে যে দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বর্তমানে তাঁদের বাঁচানোর চেষ্টা চলছে। তাই এখনো তৌকির হত্যাকাণ্ডের প্রতিবাদে কোনো কর্মসূচি বা পরিকল্পনা করা যায়নি।
তৌকিরের বাবা আব্দুর রশিদ (৮০) অভিযোগ করে বলেন, আমার ছেলের সঙ্গে যারা ওই দিন ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছিল তারা কেউ আমাদের বাড়িতে এখনো আসেনি।
নিহত তৌকিরের বন্ধু বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনর রশিদ এ ঘটনাকে দুর্ঘটনা বলে জানান।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সালাউদ্দিন হিরু প্রথম আলোকে বলেন, ‘এ হত্যাকাণ্ডের নিন্দা জানাই। জেলা ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
গত ৩১ আগস্ট ঢাকায় ছাত্রলীগের সমাবেশ শেষে ফেরার পথে ট্রেনে আসনে বসাকে কেন্দ্র করে সাতকানিয়া ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের কিছু সদস্য লোহাগাড়া বার আউলিয়া কলেজ ছাত্রলীগ নেতা তৌকিরকে পিটিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। টঙ্গীর নিমতলী থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।