'কেউ রবে না পিছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কেউই রবে না পিছে: নারী ও মেয়েশিশুর নির্যাতনমুক্ত জীবন চাই’ প্রতিপাদ্য নিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান চলবে। এ উপলক্ষে রবীন্দ্রসরোবরে গতকাল বিকেলে শহীদ নবী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্শাল আর্ট পরিবেশন করে l ছবি: প্রথম আলো
‘কেউই রবে না পিছে: নারী ও মেয়েশিশুর নির্যাতনমুক্ত জীবন চাই’ প্রতিপাদ্য নিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান চলবে। এ উপলক্ষে রবীন্দ্রসরোবরে গতকাল বিকেলে শহীদ নবী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্শাল আর্ট পরিবেশন করে l ছবি: প্রথম আলো

হেমন্তের বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চটা সাজানো কমলা রঙের বেলুন আর সাজসজ্জা দিয়ে। মেয়েরা পরেছে কমলা রঙের পোশাক। আর ছেলেরা মাথায় বেঁধেছে কমলা রঙের ব্যান্ডেনা। গতকাল শুক্রবার বিকেলে নাচ-গান-কবিতা-বক্তব্য আর মার্শাল আর্ট উপস্থাপনে উঠে এল একটাই অঙ্গীকার—‘কেউ রবে না পিছে’।

সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার অবসানকল্পে বিশ্বব্যাপী আজ শনিবার থেকে শুরু হচ্ছে ১৬ দিনের প্রচারাভিযান। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে শুরু করে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত এই অভিযান চলবে। বাংলাদেশেও এই কার্যক্রম চলবে। স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় এই প্রচারণায় বাংলাদেশের প্রতিপাদ্য ‘কেউ রবে না পিছে: নারী ও মেয়ে শিশুর নির্যাতন মুক্ত জীবন চাই’। এই উপলক্ষে গতকাল বিকেলে ২১টি নারী ও মানবাধিকার সংগঠন এক অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল এক বিবৃতিতে বলেন, এখনই সময় সবার ঐক্যবদ্ধ চেষ্টায় এমন একটা পৃথিবী গড়ে তোলা, যেখানে নারী ও মেয়েশিশুর প্রতি কোনো রকম হয়রানি, যৌন নির্যাতন ও নিপীড়ন থাকবে না।

বিকেলের অনুষ্ঠানটি শুরু হয় ঢোলের সরব আওয়াজে। এরপর বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘দেশে ক্ষমতায়নের প্রশ্নে তাকালে দেখা যায় সমাজের শীর্ষস্থান থেকে সব স্থানে নারীর সরব উপস্থিতি আছে। তবে আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি নারীর নিরাপত্তা? ঘরের বাইরে গেলে নারীর পথচলা কি নিরাপদ? যদি পারতাম, তাহলে এভাবে প্রতিনিয়ত নারীর প্রতি নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটত না।’

এরপর গান গেয়েছেন শিল্পী অনিমা মুক্তি। গানের পর জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এ দেশীয় প্রতিনিধি শোকো ইশিকাওয়া তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশে অনেকগুলো কার্যক্রমের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রচারণা চালানো হবে। কারণ, নারীর ও মেয়েশিশুর প্রতি যেকোনো সহিংসতা নারীকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে দেয়, ফলে রাষ্ট্রও পিছিয়ে যায়। বাংলাদেশে প্রতি দুজনের একজন নারী কোনো না কোনোভাবে নির্যাতিত হন। অর্থাৎ অর্ধেক নারী জীবনের কোনো না কোনো সময় শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন বা হয়েছেন। এসব নির্যাতন ও নিপীড়ন বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দেশে আইন রয়েছে, তবে তা যেন আরও শক্তিশালী হয় এবং যৌন নির্যাতনের জন্য সুনির্দিষ্ট আইন তৈরি করা দরকার।

এরপর নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তাঁর দল। নাচের পরে দলিত নারীদের নেতা মণি রানী দাস বলেন, দলিত সমাজে বাল্যবিবাহের হার ব্যাপক। যৌতুক নেওয়ারও পরিমাণ বেড়েছে। সমাজের বিপুলসংখ্যক দলিত নারীকে পেছনে ফেলে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই দলিত নারীদের সুযোগ-সুবিধা দিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।

টিকাটুলীর শহীদ নবী উচ্চবিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা মার্শাল আর্ট উপস্থাপনের মাধ্যমে এক কিশোরীর গল্প তুলে ধরে। সেখানে দেখানো হয়, কিশোরীটি বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কীভাবে নিজেকে উত্ত্যক্তকারীদের কাছ থেকে প্রতিরক্ষা করে এগিয়ে যেতে পারে। আগত দর্শনার্থীরা করতালি দিয়ে এই পরিবেশনকে স্বাগত জানায়। তারপর যৌনকর্মীদের পক্ষ থেকে শাহনাজ আক্তার বলেন, ‘সংবিধানে হিজড়া, দলিত, সংখ্যালঘু গোষ্ঠী সবাই আছে, কিন্তু যৌনকর্মীরা কই? যৌনকর্মীদের কোনো অধিকার নেই। আমরা যৌনকর্মী হিসেবে অধিকার চাই সরকারের কাছে।’

মঞ্চে আবৃত্তি করেন লায়লা আফরোজ ও দলগত নাচ পরিবেশন করেন সচেতন শিল্পী সংঘের প্রেসিডেন্ট ইভান আহমেদ কথা ও তাঁর দল। আরও বক্তব্য দেন ক্ষুদ্র জাতিসত্তার নারীদের পক্ষে চঞ্চনা চাকমা। শিল্পী সায়ানের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।