‘কেটে গেছে ভয় এখন চাই জয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনারের সামনে জড়ো হও...।’ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পেজ তৈরি করে বার্তাটি ছড়িয়ে দেন সিলেটের ব্লগার হয্রত বিনয় ভদ্র। তাতে ‘লাইক’ দিয়ে আটজন প্রচারণা চালান। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে সমবেত হয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে সিলেটে প্রথম মিছিল হয়।বিনয় ভদ্র বলেন, ‘রাতে বাসায় ফিরে টিভিতে শাহবাগের অবস্থা দেখি। তাৎক্ষণিক সবার সঙ্গে যোগাযোগ করি। পরদিন ৬ ফেব্রুয়ারি বিকেল থেকে রাস্তায় আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের অংশগ্রহণ ছিল তরুণদের কাছে বড় একটি প্রেরণা।’সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিদিন তরুণদের সমবেত হওয়া আর সংহতি প্রকাশের যে আনুষ্ঠানিকতা তার সমন্বয়কারীদের মধ্যে অন্যতম ‘সংক্ষুব্ধ নাগরিক’-এর সংগঠক আবদুল করিম এবং ‘প্রান্তিক পর্ষদ’-এর সভাপতি দেবাশীষ দেবু। দাবি আদায় সম্পর্কে আবদুল করিম বলেন, ‘আমাদের বড় একটি অর্জন ইতিমধ্যে হয়ে গেছে। ওই দিন (৬ ফেব্রুয়ারি) ছিল জামায়াত-শিবিরের হরতাল। সেই হরতাল এক অর্থে ভঙ্গ করে তরুণেরা দলে দলে জড়ো হয়ে হরতালের বিরুদ্ধে সম্মিলিতভাবে ঘৃণা প্রকাশ করেছেন। আমরা শাহবাগের গণজাগরণকে অনুসরণ করে সেভাবে এগোচ্ছি। আমাদেরও দাবি, সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি হোক। এ নিয়ে কোনো রাজনীতি যেন না হয়।’ দেবাশীষ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলার মধ্যে একধরনের ভীতি কাজ করছিল। জামায়াতের নেতা কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার দিন সন্ধ্যায় সমাবেশ করে মিছিল করার সময় বিষয়টি আমরা টের পাই। আজ সেই ভয় কেটে গেছে। তুই রাজাকার, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, জয় বাংলাসহ প্রভৃতি স্লোগান স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হচ্ছে। আমরা এখন জয় চাই, এই জয় হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।’ সিলেটে শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে সবাইকে মাতিয়ে রাখছেন ব্লগার পাপলু বাঙালি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শুভ্রা কর। পাপলু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামায়াত-শিবির হরতাল ডেকে যে বর্বরতা চালিয়েছিল, তা দেখে মনে হয়েছিল প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোও ভীতসন্ত্রস্ত। তরুণদের জাগরণে সেই ভীতি কেটে গেছে।’ শুভ্রার এক কথা, ‘যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা অর্জিত হচ্ছে। এরপর জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণাও চাই।’