'কেটোবাবুর দিঘি' ভরাটের অভিযোগ মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ভোলাচংয়ে ‘কেটোবাবুর দিঘি’ নামে একটি প্রচীন পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার নবীনগর থানায় মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার পুকুরটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দীন।
সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকার ভোলাচং উচ্চবিদ্যালয় মাঠের পাশে অবস্থিত শতাধিক বছরের প্রাচীন এই পুকুরটি ‘কেটোবাবুর দিঘি’ নামে পরিচিত। দুই বছর আগে পুকুরটির অর্ধেক অংশ (প্রায় ১৫০ শতক) স্থানীয় কয়েকজন হিন্দু ব্যবসায়ী প্রায় তিন কোটি টাকায় কেনেন। কিন্তু পুকুরটির উত্তর পাড় ভরাটের কথা বলে গত কয়েক দিন ধরে যন্ত্রের সাহায্যে পাইপ লাগিয়ে ওই পুকুরে বালু ফেলা হচ্ছে। এ অবস্থায় ইউএনওর নির্দেশে গত রোববার পুকুরে বালি ফেলা বন্ধ করা হয়। ইউএনওর নির্দেশে পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মেজবাহ উদ্দিন বাদী হয়ে পুকুরের মালিক রতন দাস, প্রণব দাস, শিখা দাস, সুজন দাস ও সুমন দাসকে আসামি করে সোমবার রাতে জলাধার সংরক্ষণ আইনে নবীনগর থানায় মামলা করেন।
তবে সুজন দাস বলেন, ‘আমরা পুকুর ভরাট করিনি। পুকুর ভরাটের কোনো পরিকল্পনাও আমাদের নেই। পুকুরের উত্তর পাড়টি দীর্ঘদিন আগে ভেঙে যাওয়ায় এলাকাবাসী এবং পুকুরের পাশের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি প্রাচীন মন্দির কমিটির লোকজনের অনুরোধে রাস্তাটি মেরামত করতে বালু ফেলা হচ্ছে।’
ইউএনও বলেন, ‘পুকুর পাড়ের তিনটি প্রতিষ্ঠানের কথা বিবেচনা করে পাড়ের রাস্তা ভরাটের অনুমতি দেওয়া যেতে পারে। তবে পুকুর ভরাট করা যাবে না। এ নিয়ে আলোচনার জন্য এলাকার দুই পক্ষকে ডেকেছি।’