‘কেন আমার জন্ম হলো ছিটমহলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর পঞ্চগড়ের দরিদ্র শীতার্ত মানুষের সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র মিললেও জেলার ১২টি ভারতীয় ছিটমহলের মানুষের ভাগ্যে তা জোটে না। শীতের তীব্রতায় এসব ছিটমহলের প্রায় ২০ হাজার হতদরিদ্র মানুষের জীবন বিপন্ন। গত তিন দিনে দুটি ছিটমহলে শীতজনিত রোগে পাঁচজন বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ভেতরে এসব ছিটমহলে বাংলাদেশ সরকারের কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় সেখানকার লোকজন সরকারি-বেসরকারি সব ধরনের সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত। শীত এলেই শুরু হয় ছিটমহলবাসীর চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় শিশু ও বৃদ্ধদের অবস্থা কাহিল হয়ে পড়ে। শিশুদের শীতজনিত নানা রোগ দেখা দেয়। চিকিৎসারও কোনো সুব্যবস্থা নেই। সরেজমিনে জানা গেছে, এ মৌসুমে বোদা উপজেলার কাজলদীঘি ইউনিয়নের শালবাড়ী ছিটমহলের আবদুর রহিম (৭৫) ও জগদীস (৮৫) এবং গারাতি ছিটমহলের রমজান (৮০), জামিরন (৮৫) ও জবেদ আলী (৮৫) শীতজনিত রোগে মারা গেছেন। বোদা ও দেবীগঞ্জের কয়েকটি ছিটমহলে গিয়ে দেখা যায়, গরম কাপড়ের অভাবে অধিকাংশ মানুষ কষ্ট পাচ্ছে। অনেকে ছেঁড়া কাপড় পরে, আবার অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গারাতির স্কুলছাত্র আনোয়ার হোসেন জানায়, দুই বছর আগের সোয়েটার তালি দিয়ে সে এ বছর পরছে। আহাম্মদ আলী নামের এক ব্যক্তি বলেন, তাঁর পরিবারের সদস্য পাঁচজন। এ বছর ধানের দাম পাননি বলে কারও জন্য শীতবস্ত্র কিনতে পারেননি। শালবাড়ীর স্কুলছাত্রী মায়া আকতার বলে, ‘আমরা ছিটের বাসিন্দা, তাই বাংলাদেশ সরকার কোনো সাহায্য করে না।’ বাংলাদেশের অভ্যন্তরে তার স্কুলের সহপাঠীরা গরম কাপড় পরে স্কুলে এলেও তার ভাগ্যে একটিও জোটে না। মায়ার আক্ষেপ, ‘কেন আমার জন্ম হলো ছিটমহলে।’গারাতি ছিটমহলের চেয়ারম্যান মফিদার রহমান বলেন, ‘ছিটমহলের অধিবাসী বলে আমরা সরকারি-বেসরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না। এখানকার মানুষ শীতে অবর্ণনীয় দুর্ভোগে আছে।’ দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরের শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, পঞ্চগড় জেলায় ১২টি ছিটমহলে প্রায় ৩০ হাজার মানুষের বেশির ভাগ হতদরিদ্র। তাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তীব্র শীতে বৃদ্ধ ও শিশুরা কষ্ট পাচ্ছে বেশি। প্রতিবছর শীতে অনেক শিশু ও বৃদ্ধ মারা যায়। ছিটমহলবাসীও মানুষ। তাদের জন্য কি কারও কোনো দায়িত্ব নেই? সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, ‘আইনি জটিলতার কারণে তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না। মানবিক কারণে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ছিটমহলের শীতার্ত মানুষের জন্য কিছু করা দরকার।’