'কেন তাঁরে আগুন দিয়া পুড়াইল?'
‘আমার স্বামী সবজি বিক্রি করেন। তাই দিয়াই আমাগো সংসার চলে। তাঁর কী অপরাধ ছিল? কেন তাঁরে আগুন দিয়া পুড়াইল। যারা আমার স্বামীরে আগুন দিয়া পুড়াইছে, তাগো আমি বিচার চাই।’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত বুধবার পেট্রলবোমা হামলায় দগ্ধ ব্যবসায়ী আলমগীর হোসেনের (৪০) স্ত্রী ছালেহা বেগম।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্বামীর পাশে বসে ছিলেন ছালেহা। তিনি জানান, তাঁর স্বামীর মুখ ও গলা পুড়ে যাওয়ায় তিনি কথা বলতে পারছেন না।
একই হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ লোকমান হোসেনের ভাতিজা রবিউল ইসলাম জানান, ট্রাকচালক মোকছেদের মুখের এক পাশ ও হাত পুড়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত। চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন। তবে লোকমান কথা বলতে পারছেন না।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী বুধবার সবজি আনতে মানিকগঞ্জে যান। সেখান থেকে সবজি নিয়ে কোনাবাড়ী ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন অবরোধকারী তাঁদের বহনকারী ট্রাকটির গতি রোধ করেন। পরে তিন-চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
এতে ট্রাকচালক মানিকগঞ্জের সাটুরিয়া থানার কান্তা এলাকার মোকছেদ (৩১), সবজি ব্যবসায়ী রংপুরের কোতায়ালি থানার হাজিলখানা এলাকার আলমগীর হোসেন (৪০) ও রামজীবন এলাকার লোকমান হোসেন (৪০) আহত হন।
ওই ঘটনায় পুলিশ ৭২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে এ ঘটনায় মামলা করেছে।
পুলিশ গতকাল অভিযান চালিয়ে জামায়াত-সমর্থক দুই স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের রহমতগঞ্জের আহসান হাবিব (৪৮) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুটিজান বেরিবাড়ী এলাকার মতিউর রহমান ওরফে শামীম (৩৫)। তাঁরা সফিপুরের হ্যাম্পটন ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে গতকাল রাতে একই মহাসড়কের চন্দ্রা এলাকায় শ্রমিক পরিবহনে ব্যবহূত একটি বাসেও পেট্রলবোমা ছোড়া হয়। তবে এ সময় বাসে কোনো শ্রমিক ছিলেন না।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল রাত আটটার দিকে নূর গার্মেন্টস নামের পোশাক কারখানার শ্রমিকদের একটি বাস সীমান্ত ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অবরোধকারীরা বাসটিতে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে বাসের পেছনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।