‘কেন্দ্রের নির্দেশে’ অবস্থান কর্মসূচি গুটিয়ে ফেলেছে চট্টগ্রাম বিএনপি
আকস্মিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করার মাত্র ২৮ ঘণ্টার মাথায় তা গুটিয়ে ফেলেছে চট্টগ্রাম বিএনপি। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নাসিমন ভবনের সামনে নেতারা বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশেই তাঁরা কর্মসূচি গুটিয়ে নেন।গতকালের সমাবেশে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গুরুত্বপূর্ণ নেতারা বক্তৃতা করেন।জানা গেছে, আগের দিন রোববারের আকস্মিক কর্মসূচির কারণে স্থানীয় পুলিশ প্রশাসন সতর্ক ছিল। গতকাল ভোরেই নাসিমন ভবনের চারদিকে চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। গতকাল প্রথমে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ কর্মকর্তাদের কঠোর মনোভাবের বিষয়টি আঁচ করে তাঁরা মিছিল করা থেকে বিরত থাকেন। গত রোববার স্থানীয় বিএনপির নেতারা টানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। ওই দিন বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারও এর সত্যতা নিশ্চিত করেছিলেন। ওই দিন একটানা সকাল-সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে বক্তৃতাপর্ব। পরে মিছিলের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ করা হয়। কর্মসূচির সমাপ্তি ঘোষণা করার ব্যাপারে আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশে আমরা আজ (গতকাল সোমবার) বিক্ষোভ সমাবেশ করেছি। রোববারের কর্মসূচিও কেন্দ্রের নির্দেশে পালিত হয়েছে। রোডমার্চের কর্মসূচি নির্ধারণের জন্য আমাদের ঢাকায় ডাকা হয়েছে। তাই নাসিমন ভবন চত্বরের সমাবেশের পর আমরা ঢাকায় চলে এসেছি।’প্রসঙ্গত, আগামী মাসে বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি রয়েছে। এর দিনক্ষণ ঠিক করতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় নেতারা ঢাকায় বৈঠক করবেন বলে জানা গেছে।সমাবেশ: গতকালের বিক্ষোভ সমাবেশে আমীর খসরু বলেন, রাষ্ট্র পরিচালনায় অদক্ষ ও ব্যর্থ সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তাদের বিচার হবে। সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুলিশের লাঠি ও বুটের নিচে পিষ্ট হচ্ছে। দেশে তথাকথিত গণতন্ত্রের খোলসে চলছে বাকশালী শাসনব্যবস্থা। তাই গণ-আন্দোলনকে গণ-অভ্যুত্থানে পরিণত করে এই সরকারকে হটানো হবে।অসুস্থতার কারণে গতকালের সমাবেশে উপস্থিত হতে পারেননি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। অন্যান্যের মধ্যে গতকালের সমাবেশে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।