‘কেবল এনজিওরা এইডস নিয়ন্ত্রণ করতে পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইডসের চেয়ে ভয়াবহ কোনো রোগ বিশ্বে এখনো সৃষ্টি হয়নি। এই রোগ গোটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশে কেবল এনজিওরা এইডস নিয়ন্ত্রণ করতে পারবে না। এ জন্য সরকারকেও এগিয়ে আসতে হবে।’ গতকাল বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে এইচআইভি-এইডস প্রতিরোধ সমন্বয় কমিটির উদ্যোগে সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থাপিত মূল ধারণাপত্রে এ আহ্বান জানানো হয়। সকালে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যৌথভাবে সিলেট স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন, জেলা তথ্য অধিদপ্তর। সিভিল সার্জন এম ফয়েজ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন সিলেট পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাহা বিধান চন্দ্র, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক যুলিয়া জেসমিন, ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক সালেহ আহমদ। মূল ধারণাপত্র উপস্থাপন করেন ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শিব্বির আহমদ শিবলি। সভায় উপস্থাপিত ধারণাপত্রে বাংলাদেশে এইডস প্রতিরোধে কেবল এনজিও নয়, সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, ‘বিশ্বে প্রতি বছর সাড়ে তিন হাজার লোক নতুন করে এইচআইভি-এইডসে আক্রান্ত হচ্ছে। আর বাংলাদেশে প্রতি বছর এর প্রভাব পড়ছে বিরূপভাবে। বিশ্ব ও দেশের এ পরিসংখ্যানের তুলনায় কেবল সিলেট বিভাগের চিত্র ভয়াবহ। ২০০৯ সালে সারা দেশে যেখানে ২৫০ জন আক্রান্ত হয়, সেখানে শুধু সিলেটেই আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ জন। এটা সিলেটের জন্য উদ্বেগের বিষয়। তাই এর মোকাবিলায় সব জড়তা ভেঙে সবাইকে সচেতন হতে হবে।’