
একুশে বইমেলা যেন কাল সারা দিন জীবনানন্দের পঙ্ক্তি মেনে এগোচ্ছিল, ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’। সকাল থেকে শুরু হওয়া সেই দৃশ্য প্রহরে প্রহরে পাল্টে যায়। আগের ২০ দিনের ছোট ছোট জটলা, হাতে হাতে বই—এমন দৃশ্যের সঙ্গে গতকাল নতুন করে যোগ হয় অনেক দৃশ্য। বড় বড় জটলা, নতুন নতুন মানুষ, শত কবির কবিতাপাঠ, ভিড়ে হারিয়ে যাওয়া, পকেটের মোবাইলটা খোয়া যাওয়া, পুরোনো বন্ধুকে খুঁজে পাওয়া—এমন অসংখ্য দৃশ্য। সন্ধ্যায় সূর্য ডোবার আগমুহূর্তে মেলায় ঢোকার জন্য অপেক্ষমাণ ব্যক্তিদের দেখে মনে পড়ছিল সৈয়দ শামসুল হককে, ‘মানুষ আসতে আছে যমুনার বানের লাহান’।
গতকাল মঙ্গলবার দিনের শুরুতে ‘প্রভাতের পথিক’দের এই ভিড় কেবল সোহরাওয়ার্দী উদ্যানেই নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই নয়—টিএসসি, দোয়েল চত্বর, শিশু একাডেমি ছাড়িয়ে মৎস্য ভবন মোড়ে ঠেকেছিল। যাঁরা এসেছিলেন, অসীম ধৈর্য নিয়ে তাঁরা গুটি গুটি পায়ে মেলায় ঢুকেছেন।
সকালেই মেলার স্টলগুলো খোলা হয়ে যায়। ভোরে শহীদ মিনারে ফুল দিতে আসা বেশির ভাগ মানুষের গন্তব্য ছিল মেলা প্রাঙ্গণ। এ সময় কাউকে কাউকে কিছু কিছু বই কিনতে দেখা গেলেও প্রকাশকদের হাসি প্রশস্ত করার মতো বেচাকেনা শুরু হয় দুপুরের পর।
গতকাল একুশের দিনে নতুন বই আসার রেকর্ড হয়—এক দিনে ২৬১টি! ৪৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় মঞ্চে। নিয়মিত মেলায় আড্ডা জমান যে লেখক-প্রকাশকেরা, তাঁদের বাইরেও অনেককে কাল মেলায় দেখা গেছে। সকালে মেলা ছিল কবিদের দখলে! মেলা প্রাঙ্গণে নবীন থেকে প্রবীণ কবিরা চষে বেড়িয়েছেন। একাডেমির মূল মঞ্চে সকাল সাড়ে সাতটা থেকে কবিরা একের পর এক কবিতা আবৃত্তি করেন। সব মিলিয়ে ১২০ জন কবি পাঠ করেন তাঁদের আবেগঝরা কবিতা। শত কবির এই মিলনমেলায় সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ সাদিক।
বিকেলে মেলার মূলমঞ্চে ‘ধর্মীয় বহুত্ববাদ: বাঙালি গৌরবময় উত্তরাধিকার’ বিষয়ে ছিল গুণীজনদের বক্তৃতার আয়োজন। অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাসবিদ আবদুল মমিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সন্ধ্যায় গান শোনান ফকির আলমগীরের মতো গুণী শিল্পী।
গতকালের মেলায় বেশির ভাগ মানুষই এসেছিলেন পাজামা-পাঞ্জাবি কিংবা শাড়ি পরে। রাস্তায় রাস্তায় থাকা আঁকিয়েদের দিয়ে হাতে, মুখে শহীদ মিনার, বর্ণমালা আঁকিয়ে নেন অনেকে। পুরান ঢাকার বেগমবাজার এলাকা থেকে এসেছিলেন এনায়েত করিম। পাঞ্জেরী পাবলিকেশনসের প্যাভিলিয়ন থেকে দুই বাচ্চাসহ ভিড় ঠেলে বেরিয়েই বললেন, ‘বাপ রে বাপ!Èবইমেলায় এ-ই শেষ আসা; এ তো মেলা নয়, যুদ্ধ!’ তিনি বলেন, এই যুদ্ধ তাঁকে আগেও একবার করতে হয়েছে দেড়-দুই ঘণ্টা রোদের মধ্যে ঘেমে–নেয়ে মেলায় ঢোকার সময়। তিনি বলেন, ‘নিরাপত্তার খাতিরে সারি ধরে প্রবেশ করার ব্যবস্থা নিঃসন্দেহে ভালো ও জরুরি উদ্যোগ। কিন্তু প্রবেশপথ আরও বেশি করা গেলে সময় অর্ধেক বেঁচে যেত। তবে মেলায় যে আরও কয়েকটি প্রবেশপথের প্রয়োজন ছিল, তা গতকাল বেশ বোঝা গেছে। এ প্রসঙ্গ নিয়ে কথা বলি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়কের কাছে। বললেন, ‘মেলা শুরুর আগে আমরা বারবার কর্তৃপক্ষের কাছে বলেছিলাম উদ্যানের পূর্ব দিকে অন্তত আরও দুটি গেট দিতে। আমাদের পরামর্শ শুনলে হয়তো মানুষ আরও স্বাচ্ছন্দ্যে মেলায় আসা-যাওয়া করতে পারত।’
দীর্ঘক্ষণ লাইনে থেকে ভিড় ঠেলে মেলায় প্রবেশের পর শান্তিবাগের নাদিম রহমানের চোখেমুখে আনন্দের বদলে বিষাদ নেমে আসে। পাঞ্জাবির পকেট থেকে খোয়া গেছে তাঁর মোবাইল। তবে গোপীবাগের সোনিয়া চৌধুরীর উল্লাস-চিৎকার ছিল অন্য কারণে, এই ভিড়েও তিনি দারুণ খুশি। হারিয়ে যাওয়া স্কুলবন্ধু শারমিনকে পাচ্ছিলেন না ফেসবুকেও। মিলে গেল কালকে বইমেলায়। দুই বন্ধু পরস্পরকে বই উপহার দিতে ভুল করলেন না।
মেলায় আসা নতুন বইয়ের তালিকাটা গতকাল দীর্ঘ ছিল। মেলায় কথাপ্রকাশ এনেছে সৈয়দ আজিজুল হকের বাংলা সাহিত্যে মানবভাবনা, অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে আহমদ মাযহারের সংগ্রহ ও সম্পাদনায় ‘আবদুল মান্নান সৈয়দের জসীমউদ্দীন’, পাঞ্জেরী পাবলিকেশনস এনেছে কবি পিয়াস মজিদের নিঝুম মল্লার, বিশ্বসাহিত্য ভবন এনেছে জাহীদ রেজা নূর অনূদিত ভ্লাদিমির সুতেয়েভের মাছশিকারি বিড়াল, এক থলে আপেল ও নানা রকম চাকা। ঐতিহ্য এনেছে আলতাফ পারভেজের গবেষণাগ্রন্থ শ্রী লঙ্কার তামিল ইলম্: দক্ষিণ এশিয়ায় ‘জাতি-রাষ্ট্র’-এর সংকট , বিদ্যাপ্রকাশ এনেছে ফকরে আলমের আমজনতার আম, মেলা প্রকাশন এনেছে জামালউদ্দিন জামালের তবুও ঢাকায় থাকি,সূচীপত্র এনেছে জাকারিয়া পলাশের কাশ্মীর: ইতিহাস ও রাজনীতি।