'কেমন আছিস বন্ধু'

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা বসে। কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এই মিলনমেলার আয়োজন করেন।
গতকাল শুক্রবার সকাল আটটার দিকে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে ফিরে আসে। পরে স্মৃতিচারণা, উন্মুক্ত আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রাক্তন ছাত্র ইলিয়াস হোসেন। তিনি ১৯৯২ সালে এইচএসসি পাস করে মাগুরা ছাড়েন। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। কলেজে পড়ার সময় ছাত্ররাজনীতি করতেন। সেসব দিনে আন্দোলন-সংগ্রামে ঘনিষ্ঠ বন্ধু ছিল বশির আহমেদ। তিনি মাগুরায় ব্যবসা করেন। প্রায় দুই যুগ পর বন্ধুকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ইলিয়াস। প্রায় ১৫ মিনিট বুকে জড়িয়ে ধরে থাকেন তাঁরা। দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এরপর কিছুটা ধাতস্থ হয়ে কুশলাদি জানতে চান ‘কেমন আছিস বন্ধু’। কত কথা যে জমেছে, এত দিনে। অন্যরা কে কোথায় আছেন, জানতে চান।
এমন আবেগঘন আরও অনেক ঘটনা ঘটে এই পুনর্মিলনী অনুষ্ঠানে। প্রাক্তন শিক্ষার্থীরা চেনা সেই ক্যাম্পাস ও বন্ধুদের ফিরে পেয়ে কলেজজীবনের স্মৃতি আওড়ান। মেতে ওঠেন আড্ডা-আনন্দে। কেউ কেউ ঘুরে ঘুরে দেখেন কলেজ ক্যাম্পাস। পুরোনো শিক্ষকদের পেয়ে আপ্লুত হন। কারও আলাপচারিতায় আফসোস ফুটে ওঠে। ইশ্, বুড়ো হয়ে গেলাম। এই তো সেদিন ওই বিল্ডিংয়ে ক্লাস করতাম। দেখতে দেখতে ৫০টি বছর কেটে গেল। বিশ্বাসই হয় না। প্রবীণ-নবীনের এই মিলনমেলার স্মৃতি ধরে রাখতে ছবি তোলার ধুম পড়ে।
সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী ও ব্যান্ড তারকা জেমসসহ শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আবার দেখা হবে, শতবর্ষ উদ্যাপনের আয়োজনে কিংবা তারও আগে—এমন প্রত্যাশা নিয়ে ভাঙে এই মিলনমেলা।