
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবীর বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলক সময়ক্ষেপণের’ অভিযোগ এনেছেন চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, কেয়ামতের আগে এ জেরা শেষ হবে না।গতকাল বুধবার এ মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীকে আসামিপক্ষের আইনজীবীর জেরার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন পিপি।গতকাল চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার জেরা হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত জেরা মুলতবি রাখা হয়েছে।গতকাল নির্ধারিত তারিখে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ গ্রেপ্তার থাকা সব আসামিকে আদালতে হাজির করা হয়। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনালের পূর্বানুমতি ছাড়া নিজামীকে অন্য কোনো বিচারিক আদালতে হাজির করা যাবে না।এ বিষয়ে গতকাল কারা কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়, ট্রাইব্যুনালের ওই নির্দেশ ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তাই নিজামীকে আদালতে হাজির করা হয়। গতকাল জেরার সময় পিপি কামালউদ্দিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসামির আইনজীবী প্রাসঙ্গিক প্রশ্ন করছেন না। একটা বিষয় নিয়ে তিনি বারবার কথা বলছেন। যেভাবেই হোক না কেন সময়ক্ষেপণের চেষ্টা করছেন। ইচ্ছাকৃতভাবে এ কাজ করছেন তিনি।
পিপি আরও বলেন, তদন্ত কর্মকর্তাকে ২২ কার্যদিবস জেরা করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের সময় যুক্ত করলে তদন্ত কর্মকর্তাকে নিয়েই কেবল ২৬ কার্যদিবস ধরে আদালতে এ মামলার কার্যক্রম চলছে। এতে মনে হচ্ছে, কেয়ামতের আগে এ জেরা শেষ হবে না।
পিপির অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে আসামির আইনজীবী আবদুস সোবহান তরফদার আদালতকে বলেন, ন্যায়বিচারের স্বার্থে তদন্ত কর্মকর্তাকে প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে।
গতকাল আদালতের কার্যক্রম শেষে পিপি কামালউদ্দিন বলেন, ‘বাবরের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে প্রায় তিন ঘণ্টা জেরা করেছেন। অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করেছেন তিনি। এ সময়ের মধ্যে বাবর সম্পর্কে তদন্ত কর্মকর্তাকে একটি প্রশ্নও করেননি তিনি। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেছি।’
জেরা: গতকাল দুপুর সোয়া ১২টায় বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলার আরেক আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের পক্ষে তাঁর আইনজীবী কামরুল ইসলাম অসমাপ্ত জেরা শুরু করেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত তদন্ত কর্মকর্তার বক্তব্য তুলে ধরে একটি পত্রিকার উদ্ধৃতি নিয়ে প্রশ্ন করেন কামরুল। তিনি বলেন, এটা কি আপনার (তদন্ত কর্মকর্তা) বক্তব্য? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ‘এ বক্তব্য আমার নয়। তবে আমি কদাচিৎ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি।’
মধ্যাহ্নবিরতির আগেই মেজর লিয়াকতের আইনজীবীর জেরা শেষ হয়। এরপর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আইনজীবী আবদুস সোবহান তরফদার জেরা শুরু করেন। বাবরের আইনজীবী একই ঘটনায় পৃথক দুটি মামলা হলে আলাদা করে দুটি মামলা নম্বর দিতে হয় কি না, অভিযোগপত্র দাখিলের আগে সাক্ষ্যস্মারক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখাতে হয় কি না, সম্পূরক অভিযোগপত্র দাখিলের আগে কত জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাঁদের নামধাম মনে আছে কি না, তদন্তকারী কর্মকর্তার কাছে এসব বিষয়ে জানতে চান।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিআইডি মামলা দুটির অধিকতর তদন্ত করে। এর নিজামী, বাবর, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করে ২০১১ সালের ২৬ জুন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি।